হলিউডের জনপ্রিয় সুপারহিরো ফ্র্যাঞ্চাইজি ‘অ্যাভেঞ্জার্স’। সিরিজটির নতুন সিনেমা ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’ ঘিরে দর্শকদের উন্মাদনা যেন মুক্তির আগেই তুঙ্গে। ভারতে সিনেমাটির অগ্রিম টিকিট বিক্রি শুরু হতেই তৈরি হয়েছে ব্যাপক সাড়া। মাত্র কয়েক ঘণ্টায় বিক্রি হয়েছে প্রায় ৫০ হাজার টিকিট। ভারতীয় সংবাদমাধ্যম পিংকভিলার প্রতিবেদন অনুযায়ী, গত মঙ্গলবার থেকে আনুষ্ঠানিকভাবে সিনেমাটির অগ্রিম টিকিট বিক্রি শুরু হওয়ার কথা ছিল। তবে কয়েকটি প্রেক্ষাগৃহ নির্ধারিত সময়ের আগেই গত সোমবার রাত থেকে টিকিট বিক্রি শুরু করে। এরপর মধ্যরাতের মধ্যেই আরও অনেক প্রেক্ষাগৃহে বুকিং চালু হয়। প্রতিবেদন অনুযায়ী, দেশের প্রায় ৫০০টি শোতে এরই মধ্যে ৫০ হাজারের কাছাকাছি টিকিট বিক্রি হয়েছে। এই বিক্রির বড় অংশ এসেছে ভারতের জাতীয় প্রেক্ষাগৃহ চেইনগুলো থেকে। দক্ষিণ ভারতের স্বতন্ত্র প্রেক্ষাগৃহগুলোও ধীরে ধীরে টিকিট বিক্রির কার্যক্রমে যুক্ত হচ্ছে। দিনের শেষে অনেক শোয়ের টিকিট শেষ হয়ে যেতে পারে বলেও ধারণা করা হচ্ছে। মুক্তির এখনও প্রায় ৩০ দিন বাকি থাকতেই এমন সাড়া সিনেমাটির বক্স অফিস সম্ভাবনাকে আরও উজ্জ্বল করেছে। ভারতের বিভিন্ন শহরে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত নানা সময়ে প্রদর্শনীর ব্যবস্থা রাখা হয়েছে। মুম্বাই ও কেরালায় রাত ১২টার শো রাখা হয়েছে। উত্তর ভারতের অনেক শহরে শুরুতেই সকাল ৬টার শো চালু করা হয়েছে। তবে আপাতত সব ধরনের পর্দায় টিকিট বিক্রি শুরু হয়নি। ইনফিনিটি ভিশন সার্টিফায়েড প্রেক্ষাগৃহগুলোর সাধারণ পর্দায় অগ্রিম বুকিং চালু হয়েছে। পিএক্সএল, ফোরডিএক্স ও ডলবির মতো উন্নত প্রযুক্তির প্রিমিয়াম পর্দাগুলোতে এখনও টিকিট বিক্রি শুরু হয়নি। প্রথমে সাধারণ পর্দার শোগুলোতে দর্শক চাহিদা যাচাই করে পরে প্রিমিয়াম পর্দার বুকিং চালুর পরিকল্পনা রয়েছে।