সম্প্রতি রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগ ঘটিয়েছে। এসব ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে অভিযুক্তদের গ্রেপ্তার অব্যাহত রেখেছে।
এদিকে ডিসেম্বরকে কেন্দ্র করে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের পক্ষে কিংবা তৃতীয় কোনো পক্ষের মাধ্যমে নানা ধরনের প্রচারণা ও উসকানিমূলক বক্তব্য ছড়ানোর বিষয়টিও খতিয়ে দেখছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
রোববার (১৫ নভেম্বর) পুলিশ সদর দপ্তরের মুখপাত্র সহকারী পুলিশ মহাপরিদর্শক (এআইজি) কামারুম মুনিরা বাংলানিউজকে বলেন, ডিসেম্বরকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গোয়েন্দা নজরদারি ও সাইবার মনিটরিং জোরদার করেছে।
তিনি বলেন, পুরোনো ভিডিও এবং এআই-নির্মিত ভুয়া ভিডিওর বিষয়ে নাগরিকদের আরও সচেতন হওয়ার অনুরোধ জানানো হয়েছে।
এর আগে গত ১০ নভেম্বর পুলিশ সদর দপ্তর জানায়, আগের তিন দিনে সারা দেশে ২৭টি স্থানে ককটেল বিস্ফোরণ ও ১৯টি বাসে অগ্নিসংযোগ হয়েছে। এসব ঘটনায় ১১টি মামলা হয়েছে ও ২৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
এ পরিস্থিতিতে পুলিশ সদর দপ্তর থেকে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির দেশের বিভিন্ন পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের সঙ্গে ভিডিও কনফারেন্স করেন। এতে সাম্প্রতিক নাশকতার ঘটনা, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং ভবিষ্যৎ নিরাপত্তাব্যবস্থা নিয়ে আলোচনা হয়। কনফারেন্স থেকে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনাও দেওয়া হয়।
অন্যদিকে, রাষ্ট্রদ্রোহের অভিযোগে করা মামলায় শনিবার চট্টগ্রামে মোহাম্মদ জাহাংগীর আলম নামে এক পুলিশ সুপারকে (এসপি) গ্রেপ্তার করা হয়েছে। তিনি চট্টগ্রামের রেঞ্জ রিজার্ভ ফোর্সে এসপি হিসেবে কর্মরত ছিলেন।
পুলিশ সূত্র জানায়, জাহাংগীর আলমের ব্যক্তিগত ও সরকারি– দুই মোবাইলেই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাদের সঙ্গে যোগাযোগ এবং তথ্য আদান-প্রদানের অভিযোগ পাওয়া গেছে। এসব অভিযোগের ভিত্তিতে রাষ্ট্রদ্রোহের মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।