জনপ্রিয় মার্কিন টেলিভিশন সিরিজ ‘ইয়েস, ডিয়ার’-এ গ্রেগ ওয়ার্নার চরিত্রে অভিনয় করে পরিচিতি পাওয়া অভিনেতা ও স্ট্যান্ড-আপ কমেডিয়ান অ্যান্থনি ক্লার্ক মারা গেছেন। নিউমোনিয়াজনিত জটিলতায় ৬২ বছর বয়সে তাঁর মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন সিরিজে তাঁর সহ-অভিনেতা ও দীর্ঘদিনের বন্ধু মাইক ও’ম্যালি।
বন্ধু ক্লার্ককে স্মরণ করে ইনস্টাগ্রামে আবেগঘন পোস্ট দিয়েছেন ও’ম্যালি। তিনি জানান, মৃত্যুর তিন সপ্তাহ আগেও তাঁদের ফোনে কথা হয়েছিল। বরাবরের মতো সেদিনও ক্লার্ক তাঁকে হাসিয়েছিলেন। নিজের উপার্জিত অর্থ ভালোভাবে বিনিয়োগ করেছিলেন অভিনেতা। তাঁদের একসঙ্গে কাজ করা সিরিজটি শেষ হওয়ার পর অনেকটা সময় অবসরেই কাটিয়েছেন তিনি।
ও’ম্যালি আরও স্মরণ করেন, নব্বইয়ের দশকের মাঝামাঝি সময়ে তাঁর স্ত্রী লিসার সঙ্গে প্রেমের সম্পর্ক চলার সময় থেকেই ক্লার্ককে চিনতেন। তখনই ক্লার্কের জনপ্রিয়তা ছিল বেশ ভালো। তাঁর শোর টিকিট নিয়মিত বিক্রি হত। ও’ম্যালির ভাষায়, ক্লার্ক ছিলেন একেবারেই আলাদা ধরনের কমেডিয়ান। নিজের জীবনের গল্প ও বিচিত্র পর্যবেক্ষণের মধ্য দিয়ে দর্শকদের হাসাতে পারতেন তিনি। বন্ধু হওয়ার আগেই ক্লার্কের ভক্ত ছিলেন বলেও জানান ও’ম্যালি। পোস্টের শেষে বন্ধুকে ‘টনি’ সম্বোধন করে শান্তিতে ঘুমানোর কামনা করেন তিনি।
১৯৬৪ সালের ৪ এপ্রিল যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যের লিঞ্চবার্গে জন্মগ্রহণ করেন অ্যান্থনি ক্লার্ক। ১৯৮৬ সালে বোস্টনের এমারসন কলেজ থেকে গণযোগাযোগ বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন। কলেজে পড়ার সময় থেকেই কমেডির প্রতি তাঁর আগ্রহ তৈরি হয়। সে সময় ‘আমেরিকান কলেজিয়েট ট্যালেন্ট শোকেস’-এ ‘টপ কলেজ কমেডিয়ান’ পুরস্কারও জেতেন তিনি।
এমারসন কলেজে পড়ার সময় বোস্টনের স্ট্যান্ড-আপ কমেডি অঙ্গনে নিজের অবস্থান তৈরি করেন ক্লার্ক। মঞ্চে সরাসরি দর্শকদের হাসানোর এই কাজের প্রতি তাঁর আলাদা ভালোবাসা ছিল। ২০০৬ সালে ‘দ্য কমিকস কমিক’-কে দেওয়া এক সাক্ষাৎকারে স্ট্যান্ড-আপ কমেডি পছন্দের কারণ ব্যাখ্যা করে তিনি বলেছিলেন, “আমি স্ট্যান্ড-আপ কমেডি ভালোবাসি, কারণ এতে দর্শকদের প্রতিক্রিয়া তাৎক্ষণিকভাবে পাওয়া যায়। এখানে কোনো পরিচালক থাকেন না।”
১৯৯৫ সালে এইচবিওর ‘ইয়াং কমেডিয়ানস স্পেশাল’-এর চতুর্থ আসরে উপস্থাপনার দায়িত্ব পালন করেন ক্লার্ক। ওই আয়োজনে গ্যারি শ্যান্ডলিং, ডেভ চ্যাপেল, ডেভ অ্যাটেল ও লুই সি কে-র মতো কমেডিয়ানদের সঙ্গে কাজ করেন তিনি।
তবে তাঁর ক্যারিয়ারের সবচেয়ে পরিচিত কাজ সিবিএসের সিটকম ‘ইয়েস, ডিয়ার’। ২০০০ সালে শুরু হওয়া সিরিজটিতে গ্রেগ ওয়ার্নার চরিত্রে অভিনয় করে ব্যাপক পরিচিতি পান ক্লার্ক। গ্রেগ গার্সিয়া ও অ্যালান কির্শেনবাউমের তৈরি ও নির্বাহী প্রযোজনায় নির্মিত সিরিজটির ছয়টি সিজন প্রচারিত হয়।
‘ইয়েস, ডিয়ার’-এ একই বাড়িতে বসবাস করা দুই দম্পতির জীবন, পারিবারিক সম্পর্ক এবং সন্তান লালন-পালন নিয়ে তাঁদের ভিন্ন দৃষ্টিভঙ্গি তুলে ধরা হয়েছিল। সিরিজটিতে ক্লার্কের সহশিল্পী ছিলেন জিন লুইসা কেলি ও লিজা স্নাইডার।
টেলিভিশনের পাশাপাশি চলচ্চিত্রেও অভিনয় করেছেন তিনি। তাঁর অভিনীত সিনেমার মধ্যে রয়েছে ‘ডগফাইট’, ‘দ্য থিং কলড লাভ’ ও ‘দ্য রক’। পিটার বোগডানোভিচ পরিচালিত ‘দ্য থিং কলড লাভ’ সিনেমায় বিলি চরিত্রে অভিনয় করেন ক্লার্ক। এতে রিভার ফিনিক্স, সামান্থা ম্যাথিস, ডারমট মুলরনি ও সান্ড্রা বুলকের মতো অভিনয়শিল্পীরাও ছিলেন।
এ ছাড়া ‘বোস্টন কমন’ ও ‘সোল ম্যান’ টেলিভিশন সিরিজে অভিনয় করেছেন তিনি। ‘লাস্ট কমিক স্ট্যান্ডিং’-এর চতুর্থ সিজনে উপস্থাপনার দায়িত্বও পালন করেন ক্লার্ক।
তাঁর মৃত্যুতে সহকর্মী ও বন্ধুদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। কৌতুক অভিনেতা ডেন কুক, নিক সোয়ার্ডসন ও জে মোরসহ অনেকে তাঁকে স্মরণ করে শোক প্রকাশ করেছেন।