জানা নিউজ

পোশাকশ্রমিকদের সর্বনিম্ন বেতন ৩২ হাজার, সর্বোচ্চ ৪৮ হাজারের প্রস্তাব

তৈরি পোশাকশ্রমিকদের নতুন মজুরি কাঠামোয় সর্বনিম্ন মাসিক বেতন ৩২ হাজার টাকা করার প্রস্তাব দিয়েছে শ্রমিকপক্ষ। প্রস্তাবে সর্বোচ্চ গ্রেডের শ্রমিকদের জন্য ৪৮ হাজার এবং শিক্ষানবিশদের জন্য ৩০ হাজার টাকা মজুরি নির্ধারণের কথা বলা হয়েছে। পাশাপাশি পোশাক কারখানার কর্মচারীদের জন্য চারটি গ্রেডে ৪০ হাজার থেকে ৫৫ হাজার টাকা পর্যন্ত মজুরির প্রস্তাব করা হয়েছে।

 

সোমবার (৯ নভেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় নিম্নতম মজুরি বোর্ডের দ্বিতীয় সভায় শ্রমিক প্রতিনিধিরা এ প্রস্তাব জমা দেন। সভায় শ্রমিকপক্ষের হয়ে প্রস্তাব উপস্থাপন করেন বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ও শ্রমিক প্রতিনিধি বাবুল আখতার।
প্রস্তাবিত কাঠামোয় শ্রমিকদের চারটি গ্রেডের পাশাপাশি শিক্ষানবিশদের জন্য আলাদা মজুরি নির্ধারণ করা হয়েছে। এতে গ্রেড-১-এর শ্রমিকদের মাসিক মজুরি ৪৮ হাজার, গ্রেড-২-এর ৪৩ হাজার, গ্রেড-৩-এর ৩৮ হাজার এবং গ্রেড-৪-এর ৩২ হাজার টাকা করার কথা বলা হয়েছে। তিন মাসের শিক্ষানবিশকালে মজুরি প্রস্তাব করা হয়েছে ৩০ হাজার টাকা।
শ্রমিকদের গ্রেডভিত্তিক মজুরি প্রস্তাব
শ্রমিকপক্ষের প্রস্তাব অনুযায়ী, মোট মজুরির ৬০ শতাংশ হবে মূল বেতন। মূল বেতনের ৫০ শতাংশ বাড়িভাড়া এবং বাকি অংশ অন্যান্য ভাতা হিসেবে দেওয়ার কথা বলা হয়েছে।
গ্রেড-১-এ কারখানার সিনিয়র অপারেটরদের রাখা হয়েছে। তাঁদের জন্য মূল বেতন প্রস্তাব করা হয়েছে ২৮ হাজার ৮০০ টাকা। বাড়িভাড়া ১৪ হাজার ৪০০ এবং অন্যান্য ভাতা ৪ হাজার ৮০০ টাকা। সব মিলিয়ে মাসিক মজুরি দাঁড়াবে ৪৮ হাজার টাকা।
গ্রেড-২-এ থাকবেন কারখানার বিভিন্ন ধরনের মেশিন চালানো ও কাজ করানোর দায়িত্বে থাকা শ্রমিকেরা। তাঁদের মূল বেতন ২৫ হাজার ৮০০, বাড়িভাড়া ১২ হাজার ৯০০ এবং অন্যান্য ভাতা ৪ হাজার ৩০০ টাকা করার প্রস্তাব রয়েছে। মোট মজুরি হবে ৪৩ হাজার টাকা।
গ্রেড-৩-এ জুনিয়র মেশিন অপারেটর ও বিভিন্ন ধরনের কাজ করানো শ্রমিকদের অন্তর্ভুক্ত করা হয়েছে। এ গ্রেডে মূল বেতন ২২ হাজার ৮০০, বাড়িভাড়া ১১ হাজার ৪০০ এবং অন্যান্য ভাতা ৩ হাজার ৮০০ টাকা প্রস্তাব করা হয়েছে। সব মিলিয়ে মাসিক মজুরি হবে ৩৮ হাজার টাকা।
গ্রেড-৪-এ থাকবেন হেলপার ও বিভিন্ন ধরনের সহকারী কাজ করা শ্রমিকেরা। তাঁদের মূল বেতন ১৯ হাজার ২০০, বাড়িভাড়া ৯ হাজার ৬০০ এবং অন্যান্য ভাতা ৩ হাজার ২০০ টাকা করার প্রস্তাব দেওয়া হয়েছে। মোট মজুরি দাঁড়াবে ৩২ হাজার টাকা।
শিক্ষানবিশ শ্রমিকদের জন্য তিন মাসের মজুরি কাঠামোও প্রস্তাবে তুলে ধরা হয়েছে। এ সময়ে তাঁদের মূল বেতন হবে ১৮ হাজার, বাড়িভাড়া ৯ হাজার এবং অন্যান্য ভাতা ৩ হাজার টাকা। সব মিলিয়ে মাসে পাবেন ৩০ হাজার টাকা। শিক্ষানবিশকাল সর্বোচ্চ তিন মাস রাখার প্রস্তাব করা হয়েছে।
কর্মচারীদের জন্যও চার গ্রেডে মজুরি প্রস্তাব
শ্রমিকদের পাশাপাশি পোশাক কারখানার কর্মচারীদের জন্যও চারটি গ্রেডে পৃথক মজুরি কাঠামো প্রস্তাব করেছে শ্রমিকপক্ষ। এতে গ্রেড-১-এর কর্মচারীদের জন্য ৫৫ হাজার, গ্রেড-২-এর জন্য ৫০ হাজার, গ্রেড-৩-এর জন্য ৪৫ হাজার এবং গ্রেড-৪-এর জন্য ৪০ হাজার টাকা মাসিক মজুরির কথা বলা হয়েছে।
গ্রেড-১-এ স্টোর কিপার, উচ্চমান সহকারী ও সিনিয়র ফায়ারম্যান পদে কর্মরতদের রাখা হয়েছে। তাঁদের মূল বেতন ৩৩ হাজার, বাড়িভাড়া ১৬ হাজার ৫০০ এবং অন্যান্য ভাতা ৫ হাজার ৫০০ টাকা প্রস্তাব করা হয়েছে। মোট মজুরি হবে ৫৫ হাজার টাকা।
গ্রেড-২-এ হিসাব সহকারী, স্টোর সহকারী ও অন্যান্য জুনিয়র কর্মচারীদের অন্তর্ভুক্ত করা হয়েছে। এ গ্রেডে মূল বেতন ৩০ হাজার, বাড়িভাড়া ১৫ হাজার এবং অন্যান্য ভাতা ৫ হাজার টাকা করার প্রস্তাব রয়েছে। সব মিলিয়ে মাসিক মজুরি দাঁড়াবে ৫০ হাজার টাকা।
গ্রেড-৩-এ কারখানার ক্লার্ক, অফিসার সহকারী ও ডাঁটা এন্ট্রি অপারেটর পদে কর্মরতদের রাখা হয়েছে। তাঁদের মূল বেতন ২৭ হাজার, বাড়িভাড়া ১৩ হাজার ৫০০ এবং অন্যান্য ভাতা ৪ হাজার ৫০০ টাকা প্রস্তাব করা হয়েছে। মোট মজুরি হবে ৪৫ হাজার টাকা।
গ্রেড-৪-এ পিওন ও কুক পদে কর্মরতদের জন্য মূল বেতন ২৪ হাজার, বাড়িভাড়া ১২ হাজার এবং অন্যান্য ভাতা ৪ হাজার টাকা করার প্রস্তাব দেওয়া হয়েছে। এতে মাসিক মোট মজুরি দাঁড়াবে ৪০ হাজার টাকা।
প্রস্তাবে আরও বলা হয়েছে, খাদ্যভাতা মজুরির আওতায় পড়বে না।
মালিকপক্ষের প্রস্তাব জমা দিতে চার কার্যদিবস সময়
সভায় মালিকপক্ষ নতুন মজুরি কাঠামোর কোনো প্রস্তাব জমা দেয়নি। তাদের পক্ষ থেকে প্রস্তাব তৈরির জন্য সাত কার্যদিবস সময় চাওয়া হলেও বোর্ড চার কার্যদিবস সময় দিয়েছে।
সভা শেষে নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী বলেন, মালিক ও শ্রমিক উভয় পক্ষের কাছ থেকেই মজুরি প্রস্তাব চাওয়া হয়েছিল। শ্রমিকপক্ষ প্রস্তাব জমা দিয়েছে, তবে মালিকপক্ষ সময় চেয়েছে।
বোর্ডের নিরপেক্ষ সদস্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোসলেহ উদ্দিন আহমদকে মজুরি-সংক্রান্ত বিভিন্ন বিষয় পর্যালোচনার দায়িত্ব দেওয়া হয়েছে। প্রয়োজনে তিনি বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করতে পারবেন। পরবর্তী সভায় এক বা একাধিক বিশেষজ্ঞকেও যুক্ত করা হতে পারে।
মজুরি নির্ধারণের আগে কারখানার বাস্তব পরিস্থিতি দেখতে সরেজমিনে পরিদর্শনের সিদ্ধান্ত নিয়েছে বোর্ড। চেয়ারম্যান জানান, তৈরি পোশাক খাতে প্রায় ৪০ লাখ শ্রমিক কাজ করেন। তাঁদের সঙ্গে ৪০ লাখ পরিবারও জড়িত। পরিস্থিতি যাচাই করতে চলতি সপ্তাহে বিভিন্ন কারখানা পরিদর্শন করা হবে।
সভায় মালিকপক্ষের একজন প্রতিনিধি জানান, বেতন পরিশোধের পরও সোমবার সাতটি কারখানার শ্রমিকেরা কাজে যোগ দেননি।
মজুরি বাড়ানোর দাবিতে স্মারকলিপি ও সমাবেশ
সভা শুরুর আগে মজুরি বাড়ানোর দাবিতে বোর্ডের চেয়ারম্যানের কাছে স্মারকলিপি দেন বিভিন্ন শ্রমিক সংগঠনের প্রতিনিধিরা। পোশাক খাতের ৫৫টি নিবন্ধিত শ্রমিক সংগঠনের সমন্বয়ে গঠিত পাঁচটি জোটের পক্ষ থেকে মাসিক সর্বনিম্ন মজুরি ৩২ হাজার টাকা করার দাবি জানানো হয়।
এদিকে গ্রহণযোগ্য মজুরি কাঠামোর দাবিতে দুপুরে নিম্নতম মজুরি বোর্ডের কার্যালয়ের সামনে সমাবেশ করে বিভিন্ন শ্রমিক সংগঠন।
এর আগে ১ নভেম্বর তৈরি পোশাকশ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণে ছয় সদস্যের নিম্নতম মজুরি বোর্ড গঠন করে সরকার। ৪ নভেম্বর বোর্ডের প্রথম সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় ডিসেম্বর থেকে নতুন মজুরি কাঠামো কার্যকরের বিষয়ে আলোচনা হয়েছিল। সুপারিশ অনুমোদিত হলে জানুয়ারি থেকে নতুন কাঠামো অনুযায়ী বেতন পাবেন শ্রমিকেরা।
বর্তমানে দেশের তৈরি পোশাকশ্রমিকদের সর্বনিম্ন মাসিক মজুরি ১২ হাজার ৫০০ টাকা। ২০২৩ সালের নভেম্বরে সর্বশেষ মজুরি কাঠামো নির্ধারণের সময় তা ৮ হাজার টাকা থেকে বাড়িয়ে ১২ হাজার ৫০০ টাকা করা হয়েছিল।