জানা নিউজ

সেঞ্চুরির পর এবার দেড়শ, তাইজুলকে নিয়ে লড়ছেন হৃদয়

সিলেট টেস্টে ব্যাট হাতে লড়াই চালিয়ে যাচ্ছেন তাওহীদ হৃদয়। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের প্রথম ইনিংসে ব্যাটিং বিপর্যয়ের মধ্যে দুর্দান্ত ব্যাটিংয়ে ক্যারিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরি তুলে নিয়েছিলেন তিনি।

এবার সেই ইনিংসকে আরও বড় করেছেন হৃদয়। তুলে নিয়েছেন দেড়শ রানের মাইলফলক।
আর তাকে সঙ্গ দিচ্ছেন টেল এন্ডার তাইজুল ইসলাম।শনিবার (৭ নভেম্বর) তৃতীয় দিনের খেলায় লাঞ্চ বিরতির পর আক্রমণাত্মক ব্যাটিং শুরু করেন হৃদয়।

একের পর এক বাউন্ডারি হাঁকিয়ে দ্রুত বাড়িয়েছেন রানের গতি। শুরুতে সতর্ক ব্যাটিং করলেও সেঞ্চুরির পর যেন আরও আত্মবিশ্বাসী হয়ে ওঠেন এই ডানহাতি ব্যাটার।
এর আগে দিনের শুরুতে ৩ উইকেটে ৮৮ রান নিয়ে ব্যাটিং শুরু করে বাংলাদেশ। ক্রিজে ছিলেন আগের দিন অপরাজিত থাকা মুশফিকুর রহিম ও তাওহীদ হৃদয়। তবে দিনের শুরুতেই ৭৬ বলে ৩৪ রান করে বিদায় নেন মুশফিক। এরপর একে একে সাজঘরে ফেরেন লিটন দাস, মেহেদী হাসান মিরাজ ও হাসান মাহমুদ। ৩০ বলে ১৬ রান করেন মিরাজ, লিটনের ব্যাট থেকে আসে ৮ রান। হাসান মাহমুদ করেন ১ রান।

একদিকে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে বাংলাদেশ, অন্যদিকে অটল ছিলেন হৃদয়। সতীর্থদের আসা-যাওয়ার মধ্যেও নিজের স্বাভাবিক ব্যাটিং চালিয়ে গেছেন তিনি। ১৭১ বলে ১০০ রান করে প্রথম সেশনেই টেস্ট ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি পূর্ণ করেন এই ব্যাটার।

লাঞ্চ বিরতিতে বাংলাদেশ ৭ উইকেট হারিয়ে তুলেছিল ২০৫ রান। এরপর বিরতি থেকে ফিরেই ব্যাটিংয়ের গতি বাড়ান হৃদয়। পৌঁছে যান দেড়শ রানে। অন্য প্রান্তে তাইজুল ইসলামও যোগ্য সঙ্গ দিচ্ছেন।

প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের করা ৩৫৬ রানের জবাবে ব্যাট করছে বাংলাদেশ। ফলে হৃদয়ের দেড়শ রানের ইনিংসটি শুধু ব্যক্তিগত মাইলফলকই নয়, দলের রানসংখ্যা বাড়ানোর পাশাপাশি ম্যাচে ঘুরে দাঁড়ানোর আশাও জাগাচ্ছে। সিরিজের প্রথম টেস্টে হেরে ১-০ ব্যবধানে পিছিয়ে থাকা বাংলাদেশের জন্য এই ইনিংস এখন বিশেষ গুরুত্বপূর্ণ।