বৃহস্পতিবার (৫ নভেম্বর) দ্বিতীয়বারের মতো এমন পরিস্থিতির মুখে পড়েছে ইউরোপের বিভিন্ন দেশের বিমান সংস্থাগুলো।
ডাবলিন থেকে রোমগামী অ্যার লিঙ্গাসের একটি ফ্লাইটের যোগাযোগবার্তা থেকে জানা গেছে, উড়োজাহাজে বোমা থাকার হুমকির বিষয়টি বিমান চলাচল নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের মাধ্যমে পাইলটদের জানানো হয়েছিল।
পরে নিরাপত্তার কারণে ফ্লাইটটি প্যারিসের চার্লস দ্য গল বিমানবন্দরের পরিবর্তে ফ্রান্সের পশ্চিমাঞ্চলের এভরো বিমানঘাঁটিতে অবতরণ করে। উড়োজাহাজটির জ্বালানি পরিস্থিতি ও বিকল্প গন্তব্যের আবহাওয়া বিবেচনায় নিয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
হেলসিঙ্কি থেকে রোমগামী ফিনএয়ারের একটি ফ্লাইটকে ইতালির বিমানবাহিনীর যুদ্ধবিমান পাহারা দিয়ে রোমের ফিউমিচিনো বিমানবন্দরে নিয়ে যায়। পরে বোমা নিষ্ক্রিয়কারী বিশেষজ্ঞরা উড়োজাহাজটিতে তল্লাশি চালান। তবে সেখানে কোনো বিস্ফোরক পাওয়া যায়নি।
এদিকে, মিলান থেকে বুখারেস্টগামী উইজ এয়ারের একটি ফ্লাইটে বোমার হুমকির পর প্রায় ২০০ যাত্রীকে নামিয়ে আনা হয়।
বৃহস্পতিবার স্থানীয় সময় বেলা ১১টা ৮ মিনিটে উড়োজাহাজটি নিরাপদে বুখারেস্টের হেনরি কোয়ান্ডা আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
পরে রোমানিয়ার গোয়েন্দা সংস্থার বিস্ফোরক নিষ্ক্রিয়কারী দল উড়োজাহাজটিতে তল্লাশি শুরু করে। বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং অন্যান্য ফ্লাইটের চলাচলও নির্ধারিত সময়সূচি অনুযায়ী অব্যাহত রয়েছে।
অন্যদিকে, ওয়ারশ থেকে ব্রাসেলসগামী লটের একটি ফ্লাইটে তল্লাশি চালিয়েও সন্দেহজনক কিছু পাওয়া যায়নি বলে জানিয়েছে বিমান সংস্থাটি।
এর আগে মঙ্গলবার ইউরোপের অন্তত সাতটি ফ্লাইট একই ধরনের বোমা হামলার হুমকির মুখে পড়ে। তবে সেসব উড়োজাহাজেও কোনো বিস্ফোরক পাওয়া যায়নি।
সূত্র: বিবিসি