জানা নিউজ

নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

খুলনায় নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২) এর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) বেলা ৩টা ৪০ মিনিটে খুলনা জেলা স্টেডিয়ামে তিনি পায়রা ও বেলুন উড়িয়ে এর উদ্বোধন করেন।

এর মধ্যদিয়ে দেশের ৫০৩টি উপজেলায় একযোগে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর দ্বিতীয় আসরের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।

উদ্বোধনী অনুষ্ঠানে চীনের ইউনান প্রদেশের কুনমিং শহরের ইউনান মিনজু ইউনিভার্সিটি থেকে আসা একদল শিক্ষার্থী তাদের দেশের ঐতিহ্যবাহী ড্রাগন ও লায়ন ড্যান্স পরিবেশন করেন।

সংশ্লিষ্টরা জানান, বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) এবং চীনের ইউনান মিনজু ইউনিভার্সিটির মধ্যে একটি ক্রীড়া প্রশিক্ষণ বিনিময় কার্যক্রম চালু রয়েছে।

এই কার্যক্রমের আওতায় বিকেএসপির প্রশিক্ষকেরা চীনা বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীদের ক্রিকেট প্রশিক্ষণ দিয়ে থাকেন।অন্যদিকে, ইউনান মিনজু ইউনিভার্সিটির প্রশিক্ষকদের কাছ থেকে বিকেএসপির শিক্ষার্থীরা চীনের ঐতিহ্যবাহী মার্শাল আর্ট ‘উশু’র প্রশিক্ষণ নিচ্ছেন।

এছাড়া চীনা প্রশিক্ষকদের তত্ত্বাবধানে টেবিল টেনিস, অ্যাথলেটিকস, ব্যাডমিন্টন, সাঁতার ও ডাইভিংয়েরও প্রশিক্ষণ নিচ্ছেন বিকেএসপির ক্রীড়াবিদেরা। দুই দেশের এই পারস্পরিক সহযোগিতা ক্রীড়াঙ্গনকে আরও সমৃদ্ধ করবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।এর আগে বৃহস্পতিবার সকাল ৯টা ৫০ মিনিটে হেলিকপ্টারযোগে বাগেরহাটের মোংলায় পৌঁছান প্রধানমন্ত্রী। মোংলার কর্মসূচি শেষে সড়কপথে খুলনা আসেন প্রধানমন্ত্রী।