জানা নিউজ

মজুরি বাড়ছে পোশাকশ্রমিকদের, ডিসেম্বর থেকে কার্যকর

তৈরি পোশাকশ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি আগামী ডিসেম্বরের ১ তারিখ থেকে কার্যকর করার বিষয়ে একমত হয়েছেন মালিক ও শ্রমিকপক্ষের প্রতিনিধিরা।

ডিসেম্বর মাসের মজুরি জানুয়ারিতে পরিশোধের সময় নতুন মজুরি অনুযায়ী বাড়তি টাকা পাবেন শ্রমিকরা।

ডিসেম্বরের মধ্যেই নতুন মজুরি নির্ধারণের প্রক্রিয়া শেষ করার বিষয়ে উভয়পক্ষ সম্মত হয়েছে।

বুধবার (৪ নভেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় ন্যূনতম মজুরি বোর্ডের প্রথম সভা শেষে সাংবাদিকদের এ কথা জানান বোর্ডে শ্রমিকপক্ষের প্রতিনিধি বাবুল আখতার।

বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানীর সভাপতিত্বে সকাল ১১টা ২৫ মিনিটে সভা শুরু হয়।

বাবুল আখতার বলেন, আজকের সভায় আমরা শ্রমিকদের পক্ষ থেকে বেশ কিছু প্রস্তাব ও আলোচনা করেছি।

মালিকপক্ষের প্রতিনিধিরাও একমত হয়েছেন, নতুন মজুরি ডিসেম্বরের ১ তারিখ থেকে কার্যকর হবে। জানুয়ারিতে ডিসেম্বর মাসের মজুরি দেওয়ার সময় শ্রমিকরা নতুন মজুরি অনুযায়ী বর্ধিত মজুরি পাবেন।
এ বিষয়ে দুই পক্ষের মধ্যে কোনো মতপার্থক্য নেই।তিনি বলেন, মজুরি নির্ধারণের দায়িত্ব সরকারের নিম্নতম মজুরি বোর্ড ও শ্রম মন্ত্রণালয়ের। কারখানায় উৎপাদন বন্ধ রেখে আন্দোলন করলেই কোনো একক মালিকের পক্ষে ন্যূনতম মজুরি নির্ধারণ করা সম্ভব নয়। তাই শ্রমিকদের ধৈর্য ধরার আহ্বান জানান তিনি।