জানা নিউজ

হামে আরও ৭ জনের মৃত্যু, নতুন রোগী শনাক্ত ১ হাজার ২৩২

দেশে হাম ও এর উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও সাতজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ২৩২ জনের মধ্যে হামের উপসর্গ দেখা গেছে। তাঁদের মধ্যে ৬৩ জনের হাম নিশ্চিত হয়েছে। মৃত ব্যক্তিদের মধ্যে নিশ্চিত হামে একজন এবং হামের উপসর্গ নিয়ে ছয়জন মারা গেছেন।

মঙ্গলবার (২৭ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গযুক্ত রোগী সবচেয়ে বেশি শনাক্ত হয়েছে ঢাকা বিভাগে, ৫০৪ জন। চট্টগ্রাম বিভাগে এ সংখ্যা ২৪৮। এ সময়ে নিশ্চিত হওয়া ৬৩ জন হাম রোগীর সবাই ঢাকা বিভাগের।

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চট্টগ্রাম ও খুলনা বিভাগে দুজন করে মারা গেছেন। এ ছাড়া ঢাকা ও বরিশাল বিভাগে একজন করে মারা গেছেন। একই সময়ে নিশ্চিত হামে একজনের মৃত্যু হয়েছে।

বিভাগভিত্তিক হিসাবে, ঢাকা ও চট্টগ্রামের পর বরিশালে ১১৬ জন, সিলেটে ১০৮ জন, খুলনায় ৯৬ জন, ময়মনসিংহে ৮৩ জন, রাজশাহীতে ৪১ জন এবং রংপুরে ৩৬ জনের মধ্যে হামের উপসর্গ শনাক্ত হয়েছে।

এই সময়ে নতুন করে ১ হাজার ১২৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ হাজার ৫৪ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের ১৫ মার্চ থেকে ২৬ অক্টোবর সকাল ৮টা পর্যন্ত হিসাব অনুযায়ী, দেশে হামের উপসর্গযুক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ২৩ হাজার ৭৮৪ জনে। তাঁদের মধ্যে ২৩ হাজার ৫৪১ জনের হাম নিশ্চিত হয়েছে।

এই সময়ে হামের উপসর্গ নিয়ে মোট ১ হাজার ৩৫ জনের মৃত্যু হয়েছে। আর নিশ্চিত হামে মারা গেছেন ১০৫ জন।

একই সময়ে হামের উপসর্গ নিয়ে মোট ১ লাখ ৯৯ হাজার ১২৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাঁদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৯০ হাজার ৯০ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, নতুন রোগী শনাক্ত ও হাসপাতালে ভর্তির পাশাপাশি প্রতিদিনই উল্লেখযোগ্যসংখ্যক রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরছেন। তবে হামের উপসর্গ নিয়ে মৃত্যুর ঘটনা অব্যাহত রয়েছে।