জানা নিউজ

মিরপুরে কাল শুরু জাতীয় সাঁতার, রেকর্ড গড়লেই আর্থিক পুরস্কার

দেশের সাঁতারুদের শ্রেষ্ঠত্ব প্রমাণের সবচেয়ে বড় মঞ্চ প্রস্তুত। বুধবার (২৮ অক্টোবর) মিরপুর জাতীয় সুইমিং কমপ্লেক্সে পর্দা উঠছে চার দিনব্যাপী ‘ম্যাক্স গ্রুপ ৩৫তম জাতীয় সাঁতার, ডাইভিং ও ওয়াটার পোলো প্রতিযোগিতা’র।

৭৪টি দলের প্রায় পৌনে ছয়শো সাঁতারুর অংশগ্রহণে মিরপুরের পুলে শুরু হতে যাচ্ছে এই ক্রীড়া মহাযজ্ঞ।মঙ্গলবার (২৭ অক্টোবর) পল্টনের বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) ডাচ বাংলা ব্যাংক অডিটোরিয়ামে এক সংবাদ সম্মেলনে প্রতিযোগিতার খুঁটিনাটি তুলে ধরে বাংলাদেশ সুইমিং ফেডারেশন।

এবারের আসরে পদক জয়ের পাশাপাশি সাঁতারুদের মূল চোখ থাকবে রেকর্ডের দিকে। নিজেদের টাইমিং ছাপিয়ে নতুন জাতীয় রেকর্ড গড়তে পারলেই প্রতিযোগীদের জন্য থাকছে ৫ হাজার টাকার বিশেষ আর্থিক পুরস্কার।

মূলত সাঁতারুদের আরও বেশি অনুপ্রাণিত করতে এবং প্রতিযোগিতার মান বাড়াতেই রেকর্ডধারীদের জন্য এই প্রাইজমানি রেখেছে ফেডারেশন।আন্তর্জাতিক অঙ্গনের সঙ্গে তাল মেলাতে এবারের আসরেও বিশ্ব অ্যাকোয়াটিক্সের নিয়ম কঠোরভাবে অনুসরণ করা হচ্ছে।

প্রতিযোগিতায় মোট ৪৯টি ইভেন্টে পদকের লড়াই হবে। এর মধ্যে শুধু সাঁতারেই রয়েছে ৪২টি ইভেন্ট। পুরুষদের ৮০০ মিটার ও নারীদের ১৫০০ মিটার ফ্রিস্টাইল এবং মিশ্র রিলের (৪*১০০ ফ্রিস্টাইল ও মিডলে) মতো আধুনিক ইভেন্টগুলো পুলে বাড়তি রোমাঞ্চ ছড়াবে। এর পাশাপাশি থাকছে ওয়াটার পোলো এবং নারী-পুরুষদের ৩টি করে মোট ৬টি ডাইভিং ইভেন্ট।সব মিলিয়ে প্রায় ৪৭০ জন পুরুষ ও ১০২ জন নারী সাঁতারু এখন পুলে ঝড় তুলতে প্রস্তুত। বুধবার বিকেল ৩টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন বাংলাদেশ নৌবাহিনীর প্রধান ও ফেডারেশনের সভাপতি এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম এবং সংসদ সদস্য রেজাউল করিম বাদশা।

ম্যাক্স গ্রুপের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলমগীরের সভাপতিত্বে শুরু হওয়া এই জলক্রীড়ার মহাযজ্ঞের পর্দা নামবে আগামী শনিবার (৩১ অক্টোবর) সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে।