পূজা ও সাপ্তাহিক মিলে টানা ৫ দিনের ছুটি শেষে গতকাল রোববার থেকে খুলেছে দেশের সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত সব প্রতিষ্ঠান। এ দিন খুলেছে ব্যাংক-বিমা, শেয়ারবাজার ও বেসরকারি প্রতিষ্ঠানও। টানা পাঁচ দিন ছুটি শেষে অফিসপাড়ায় যোগ দিয়েছেন কর্মজীবীরা। সরকারি ছুটির তালিকা অনুযায়ী, গত মঙ্গলবার দুর্গাপূজার নবমী উপলক্ষে নির্বাহী আদেশে ছুটি ছিল। পরদিন বুধবার বিজয়া দশমী উপলক্ষে ছিল সাধারণ ছুটি। এ ছাড়া বৃহস্পতিবারও ছিল নির্বাহী আদেশে ছুটি। পাশাপাশি গত শুক্র ও গত শনিবার ছিল সাপ্তাহিক ছুটি। এতে টানা পাঁচ দিন বন্ধ ছিল অফিস-আদালত। এসব ছুটি শেষে গতকাল রোববার থেকে আবারও শুরু হয়েছে স্বাভাবিক কর্মব্যস্ততা। এদিকে, রাস্তাঘাট ক’দিন ফাঁকা থাকলেও গতকাল রোববার সকাল থেকে রাস্তাঘাটে বেড়েছে যানবাহন। বেড়েছে যাত্রী। সকালে অফিসমুখী কর্মজীবী মানুষ বের হন। রাজধানীর বাড্ডা, রামপুরা, মহাখালী, ফার্মগেট, শাহবাগ ও তেজগাঁও এলাকার রাস্তায় যানজটের সৃষ্টি হয়। তেজগাঁও ট্রাফিক বিভাগের উপকমিশনার রফিকুল ইসলাম বলেন, কয়েকদিন অফিস বন্ধের পর খুলেছে। এ কারণে রাস্তায় লোকজন বেশি ও গাড়িও বেশি। তিনি বলেন, রাস্তায় সকালের দিকে যানজট থাকলেও এখন স্বাভাবিক।