জানা নিউজ

জাতীয় নাট্যশালায় আবার মঞ্চস্থ হচ্ছে ‘এনিমেল ফার্ম’

ক্ষমতার অপব্যবহার, বিপ্লবের আদর্শচ্যুতি আর রাজনৈতিক প্রতারণার গল্প নিয়ে আবারও মঞ্চে আসছে নাটক ‘এনিমেল ফার্ম’। রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের প্রযোজনায় আগামী ২৬ ও ২৭ অক্টোবর বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় নাটকটির প্রদর্শনী হবে। দুই দিনই সন্ধ্যা ৭টায় শুরু হবে মঞ্চায়ন।
বিশ্বখ্যাত লেখক জর্জ অরওয়েলের ১৯৪৫ সালে প্রকাশিত রাজনৈতিক রূপক উপন্যাস ‘এনিমেল ফার্ম’ অবলম্বনে নাটকটি নির্মিত হয়েছে। নির্দেশনায় রয়েছেন নাট্যনির্দেশক, গবেষক ও শিক্ষক ড. সাইদুর রহমান লিপন। উপন্যাসটির নাট্যরূপ দিয়েছেন নজরুল সৈয়দ। এতে অভিনয় করছেন রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের বিভিন্ন সেমিস্টারের শিক্ষার্থীরা।
রুশ বিপ্লব ও পরবর্তী সোভিয়েত শাসনব্যবস্থার রাজনৈতিক বাস্তবতা থেকে অনুপ্রাণিত উপন্যাসটি প্রকাশের পর থেকেই বিশ্বসাহিত্যে বিশেষ আলোচনার জন্ম দিয়েছে। ক্ষমতার পালাবদলের পরও কীভাবে শোষণ টিকে থাকে, কীভাবে রাজনৈতিক নেতৃত্ব নিজেদের স্বার্থে বিপ্লবের আদর্শ থেকে সরে যায়, আর কীভাবে সাধারণ মানুষের অধিকার সংকুচিত হয়, এসব বিষয় উঠে এসেছে এতে।
উপন্যাসটির বহুল আলোচিত বক্তব্য, ‘সকল পশু সমান, তবে কেউ কেউ অধিকতর সমান’, ক্ষমতা ও বৈষম্যের দ্বিচারিতাকে স্পষ্ট করে। দেশ ও সময়ের গণ্ডি ছাড়িয়ে উপন্যাসটির বক্তব্য এখনো নানা সমাজ ও রাজনৈতিক বাস্তবতার সঙ্গে প্রাসঙ্গিক।
নাটকটির নির্দেশক ড. সাইদুর রহমান লিপন বলেন, ‘এনিমেল ফার্ম’ কেবল একটি পশুখামারের গল্প নয়, এটি রাষ্ট্র, সমাজ ও ক্ষমতাকাঠামোর প্রতিচ্ছবি। তাঁর ভাষ্য, মানুষ বারবার মুক্তির স্বপ্ন নিয়ে বিপ্লব করেছে। কিন্তু অনেক ক্ষেত্রেই ক্ষমতার পরিবর্তন ঘটলেও শোষণের কাঠামো বদলায়নি। জর্জ অরওয়েলের উপন্যাস সেই বাস্তবতার মুখোমুখি দাঁড় করায়।
প্রযোজনাটির সহযোগী নির্দেশক হিসেবে কাজ করেছেন ড. শামীম আহমেদ ও আব্দুর রাজ্জাক। সেট ও প্রপস পরিকল্পনায় রয়েছেন আব্দুর রাজ্জাক। পোশাক পরিকল্পনা করেছেন মহসিনা আক্তার, আলোক পরিকল্পনায় রয়েছেন ধীমান চন্দ্র বর্মন এবং সংগীত পরিকল্পনায় অসীম কুমার নট্ট। কোরিওগ্রাফি করেছেন অমিত চৌধুরী ও হাসান ইশতিয়াক ইমরান। মুখোশের পরিকল্পনা ও নির্মাণে রয়েছেন সোহায়েল রহমান উজান।
এর আগে ২০২৫ সালের ৪ আগস্ট জুলাই পুনর্জাগরণ নাট্য উৎসবে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় মঞ্চস্থ হয়েছিল ‘এনিমেল ফার্ম’। এবার দুই দিনের প্রদর্শনীর মধ্য দিয়ে আবারও দর্শকের সামনে আসছে প্রযোজনাটি।
নাটকটি দেখতে আগ্রহী দর্শকদের জন্য অগ্রিম টিকিট বুকিংয়ের ব্যবস্থা রাখা হয়েছে। টিকিট, আসন ও প্রদর্শনীসংক্রান্ত বিস্তারিত জানতে যোগাযোগ করা যাবে ০১৭১১৫৭৯৩১৯ নম্বরে। অনলাইনেও টিকিট বুকিং করা যাবে রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ওয়েবসাইটে:https://tuca.edu.bd/book-ticket-animal-farm/|