জানা নিউজ

চট্টগ্রামে একদিনে গ্রেপ্তার ৭৮৬ জন

চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় কিশোর গ্যাং, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদকবিরোধী অভিযানে একদিনে ৭৮৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ১ লাখ ৮ হাজার ৯৯৮টি ইয়াবা, ১০ কেজি ১৩০ গ্রাম গাঁজা, ৯০ লিটার চোলাই মদ ও দুই বোতল স্কাফ সিরাপ উদ্ধার করা হয়েছে।

 

গত ২৪ ঘণ্টার অভিযানের এসব তথ্য জানানো হয়েছে শুক্রবার (২৩ অক্টোবর) দুপুরে।

চট্টগ্রাম রেঞ্জের তথ্য অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে নিয়মিত মামলায় ১১১ জন, আগের মামলায় ৫৩ জন, পুলিশ অ্যাক্টের ৩৪ ধারায় ১৫ জন, ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় চারজন, ১৫১ ধারা ও অন্যান্য আইনে ২৩ জন, পরোয়ানাভুক্ত ৯২ জন এবং সাজা পরোয়ানাভুক্ত ১৪ জন রয়েছেন।

এ ছাড়া মাদক মামলায় ২৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে একজন মাদক বহনকারী ও ২৬ জন মাদকসেবী।
নিয়মিত ও অন্যান্য মামলায় মাদক ব্যবসায়ী হিসেবে আরও ৫০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মাদকবিরোধী অভিযানে ২৯টি মামলা করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটজনকে কারাদণ্ড দেওয়া হয়েছে এবং ৫৫০ টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে। 

অন্যদিকে, কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ২৩ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে ফেনীতে ১৩ জন, চট্টগ্রামে তিনজন, কুমিল্লায় দুইজন, নোয়াখালীতে দুইজন এবং লক্ষ্মীপুর, রাঙামাটি ও খাগড়াছড়িতে একজন করে রয়েছেন।

কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৪৭৪ জনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে ২৭৮ জনকে মুচলেকা নিয়ে অভিভাবকের জিম্মায় দেওয়া হয়েছে। বাকি ১৯৬ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

জেলাভিত্তিক হিসাবে কুমিল্লায় সর্বোচ্চ ১৭৫ জনকে আটক করা হয়েছে। এ ছাড়া চট্টগ্রামে ৯৫ জন, লক্ষ্মীপুরে ৬৩ জন, নোয়াখালীতে ৫৪ জন, চাঁদপুরে ৩৯ জন, ব্রাহ্মণবাড়িয়ায় ২৩ জন, খাগড়াছড়িতে ১৫ জন, কক্সবাজারে নয়জন এবং রাঙামাটিতে একজনকে আটক করা হয়েছে।