ব্যান্ডসংগীতপ্রেমীদের জন্য সুখবর। একই মঞ্চে পারফর্ম করবে দেশের জনপ্রিয় পাঁচ ব্যান্ড-নগরবাউল, আর্ক, ওয়ারফেজ, অর্থহীন ও শূন্য। আগামী শুক্রবার ঢাকার যমুনা ফিউচার পার্কের কার্নিভাল অ্যারেনায় অনুষ্ঠিত হবে ‘রক অ্যান রিদম ৫.০ : নো লিমিটস ইন দ্য জোন’ শীর্ষক কনসার্টটি। পাঁচ ব্যান্ডের পরিবেশনার পাশাপাশি একক পরিবেশনা নিয়ে মঞ্চে থাকবেন গিটারিস্ট অনি হাসান ও এ কে রাহুল। কনসার্টটি ঘিরে এরই মধ্যে সংগীতপ্রেমীদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। শুরু হয়েছে এর টিকিট বিক্রি। টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ৯৯৯ টাকা। টিকিফাইয়ের ওয়েবসাইট থেকে টিকিট সংগ্রহ করা যাচ্ছে। উল্লেখ্য, ২০২২ সাল থেকে ‘রক অ্যান রিদম’ সিরিজের কনসার্ট আয়োজন করে আসছে অ্যাডভেন্টর কমিউনিকেশনস। এবার বসছে সিরিজটির পঞ্চম আসর। এর আগের আয়োজনগুলোর মধ্য দিয়ে রক ও মেটালসংগীতপ্রেমীদের কাছে বিশেষ গ্রহণযোগ্যতা পেয়েছে কনসার্ট সিরিজটি। এবার এক মঞ্চে পাঁচ জনপ্রিয় ব্যান্ডের উপস্থিতি সেই আগ্রহ আরও বাড়াবে বলে প্রত্যাশা আয়োজকদের।