পরবর্তী দুটি ম্যাচে অধিনায়ক ও মৌসুমে দলের সর্বোচ্চ গোলদাতা রাফিনিয়াকে পাচ্ছে না বার্সেলোনা। ব্রাজিলিয়ান তারকাকে নিয়ে সতর্কতায় এগোনোর কথা বলেছেন দলটির কোচ হান্সি ফ্লিক। এবারের আন্তর্জাতিক বিরতিতে অস্ট্রেলিয়া সফরে দ্বিতীয় ম্যাচে ঊরুতে অস্বস্তি অনুভব করায় ক্লাবে ফেরেন রাফিনিয়া। ওই বিরতির পর গতকাল শনিবার লা লিগায় গেতাফের বিপক্ষে ম্যাচ দিয়ে মাঠে ফিরছে বার্সেলোনা। এরপর আগামী মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগে গালাতাসারাইয়ের মাঠে খেলবে স্প্যানিশ চ্যাম্পিয়নরা। ফ্লিক গত শুক্রবার সংবাদ সম্মেলনে জানান, পরীক্ষায় রাফিনিয়ার পেশিতে সামান্য সমস্যা ধরা পড়েছে এবং বাড়তি সতর্কতার অংশ হিসেবে তাকে পরবর্তী দুটি ম্যাচে খেলানো হবে না। “পরীক্ষায় কিছু একটা ধরা পড়েছে, এটিকে ঠিক চোট বলা যায় না, তবে আমাদের সতর্ক থাকতে হবে। কারণ, গত বছর সে তিনবার চোটে পড়েছিল, তাই তার যত্ন নিতে হবে আমাদের। আগামীকাল ও গালাতাসারাইয়ের বিপক্ষে সে খেলতে পারবে না।” গত মৌসুমে চারবার চোট পেয়ে সব মিলিয়ে ১৫০ দিনের বেশি মাঠের বাইরে ছিলেন রাফিনিয়া। চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে প্রথম আট ম্যাচে ১৪ গোল করা ফরোয়ার্ডকে নিয়ে তাই ঝুঁকি নিতে চাইছে না বার্সেলোনা। কেননা, এই সপ্তাহের পর তাদের গুরুত্বপূর্ণ তিনটি ম্যাচ রয়েছে; লা লিগায় রেয়াল বেতিস ও রেয়াল মাদ্রিদ এবং চ্যাম্পিয়ন্স লিগে পিএসজির বিপক্ষে। অধিনায়ককে পুরোপুরি ফিট অবস্থায় পাওয়ার লক্ষ্যে তাকে বিশ্রাম দেওয়া হচ্ছে।