জানা নিউজ

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪২৮

 রাজধানীতে মাদক ও বিভিন্ন অপরাধের বিরুদ্ধে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪২৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় বিভিন্ন থানায় ৭৯টি মামলা দায়ের করা হয়েছে।

শুক্রবার (২ অক্টোবর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. আকতার হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গ্রেপ্তারদের মধ্যে রমনা বিভাগে ৪২ জন, লালবাগে ৪১, ওয়ারীতে ৪৬, মতিঝিলে ৩৯, তেজগাঁওয়ে ৬২, মিরপুরে ১১৮, গুলশানে ৩৬, উত্তরা বিভাগে ৩৮, গোয়েন্দা বিভাগে ৫ এবং সিটিটিসি বিভাগে একজন রয়েছেন।

অভিযানকালে দুটি সুইচ গিয়ার চাকু, ৩৮৬ পিস ইয়াবা, ৭ কেজি ৯৬০ গ্রাম গাঁজা, দুটি মোটরসাইকেল, পাঁচটি মোবাইল ফোন, একটি এসএসডি কার্ড ও একটি ল্যাপটপ উদ্ধার করা হয়েছে।

রাজধানীর বিভিন্ন থানা এলাকায় পরিচালিত এসব অভিযানে মাদকদ্রব্য ও বিভিন্ন আলামত উদ্ধারের পাশাপাশি সংশ্লিষ্টদের গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তারদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।