জানা নিউজ

ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে যুক্তরাষ্ট্র ছাড়ার নির্দেশ রুবিওর

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির নেতৃত্বাধীন প্রতিনিধিদলকে যুক্তরাষ্ট্র ছাড়ার নির্দেশ দিয়েছেন। ওয়াশিংটন ও তেহরানের মধ্যে আলোচনা ফের অচলাবস্থায় পড়ার পর গত সোমবার এই নির্দেশ দেওয়া হয় বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস। এক মার্কিন কর্মকর্তা অ্যাক্সিওসকে বলেন, পররাষ্ট্রমন্ত্রী রুবিও ইরানি প্রতিনিধিদলকে বের করে দিয়েছেন, যারা তাদের স্বাগত জানানোর সময়ের চেয়েও বেশি অবস্থান করছিল। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন শেষ হয়ে গেছে, তাই তাদের যাওয়ার সময় হয়েছিল। নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশনকে কেন্দ্র করে ইরানি প্রতিনিধিদলটি সেখানে অবস্থান করছিল। অ্যাক্সিওসের প্রতিবেদনে বলা হয়েছে, রুবিওর নির্দেশ পাওয়ার কয়েক ঘণ্টা পর আরাঘচি ও অন্য ইরানি কর্মকর্তারা নিউইয়র্ক থেকে কাতারের রাজধানী দোহার উদ্দেশে রওনা হন। তবে ইরানি প্রতিনিধিদলের দাবি ছিল, তারা এমনিতেই শিগগিরই নিউইয়র্ক ছাড়ার পরিকল্পনা করেছিলেন। ওয়াশিংটন ও তেহরানের মধ্যে আলোচনায় অচলাবস্থা তৈরি হওয়ার পরই রুবিও এই নির্দেশ দেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।