জানা নিউজ

এবার ক্যাটরিনার পাশে দাঁড়ালেন শোভিতা

গত বছর নভেম্বর মাসে মা হয়েছেন বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কইফ। সন্তান জন্মের পর থেকেই তার শারীরিক গঠন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা মন্তব্যের মুখে পড়তে হয়েছে তাকে। সন্তান জন্মের পর ওজন বেড়ে যাওয়া নিয়েও কটাক্ষ শুনেছেন এই অভিনেত্রী। সম্প্রতি আম্বানীদের বাড়ির গণেশপূজায় স্বামী ভিকি কৌশলের সঙ্গে হাজির হয়েছিলেন ক্যাটরিনা। সেখানকার কিছু ছবি প্রকাশ্যে আসতেই তার শারীরিক গঠন নিয়ে ফের শুরু হয় আলোচনা ও কটাক্ষ। এমন পরিস্থিতিতে ক্যাটরিনার পাশে দাঁড়িয়েছেন বলিউডের অনেকেই। এবার তার হয়ে সরব হলেন অভিনেত্রী শোভিতা ধূলিপালা। সম্প্রতি এক অনুষ্ঠানে বলিউডে নারীদের চেহারা ও শরীরকে যেভাবে দেখা হয়, তা নিয়ে শোভিতার মতামত জানতে চাওয়া হয়। জবাবে তিনি বলেন, নারীদের কাছ থেকে সব সময় একসঙ্গে অনেক কিছু প্রত্যাশা করা হয়। কখনো তাদের শক্ত হতে বলা হয়, আবার কখনো সংবেদনশীল হতে বলা হয়। শোভিতার ভাষায়, প্রতিটি নারী নিজের মতো করে প্রকাশ্য সমালোচনার পরিস্থিতি সামলান। তাই এ ক্ষেত্রে কোনো নির্দিষ্ট নিয়ম থাকতে পারে না। ক্যাটরিনাকে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ্যে ট্রোল করার প্রসঙ্গে শোভিতা বলেন, প্রকাশ্যে সমালোচনার মুখে পড়লে অনেকেরই খারাপ লাগতে পারে। কারণ তারাও মানুষ। তবে প্রত্যেকেই নিজের মতো করে সেই পরিস্থিতি সামলানোর চেষ্টা করেন। এর আগে ক্যাটরিনার হয়ে কথা বলেছিলেন অভিনেত্রী পরিণীতি চোপড়া। তিনিও সম্প্রতি মা হয়েছেন। সন্তানধারণের পর নারীদের শরীর নিয়ে মন্তব্য করাকে ‘অশিক্ষিত’ মানসিকতার পরিচয় বলে ক্ষোভ প্রকাশ করেছিলেন তিনি। ক্যাটরিনার শারীরিক পরিবর্তন নিয়ে কটাক্ষকারীদের সমালোচনা করেছিলেন সালমান খানও। সম্প্রতি মা হওয়া একজন অভিনেত্রীর ওজন বা চেহারা নিয়ে কেন নেতিবাচক মন্তব্য করা হবে-এমন প্রশ্ন তোলেন তিনি।