বাংলাদেশের পেস আক্রমণে নিয়মিত মুখ তাসকিন আহমেদ এবার নাম লেখালেন আফগানিস্তান প্রিমিয়ার লিগে (এপিএল)। টুর্নামেন্টটির প্রথম আসরে খেলতে আনুষ্ঠানিকভাবে নিবন্ধন করেছেন বাংলাদেশের এই ডানহাতি পেসার। গতকাল বুধবার এপিএলের অফিসিয়াল ইনস্টাগ্রাম পেজে তাসকিনের নিবন্ধনের বিষয়টি নিশ্চিত করা হয়। সেখানে লেখা হয়েছে, ‘অপেক্ষার অবসান! তাসকিন আহমেদ আনুষ্ঠানিকভাবে আফগানিস্তান প্রিমিয়ার লিগের জন্য নিবন্ধন করেছেন।’ শুধু খবর দিয়েই থামেনি এপিএল কর্তৃপক্ষ। তাসকিনকে কোন দলের জার্সিতে দেখতে চান, সেটিও জানতে চাওয়া হয়েছে সমর্থকদের কাছে। এপিএলের প্রথম আসরের খেলোয়াড় নিবন্ধন প্রক্রিয়া ইতিমধ্যে শেষ হয়েছে। আয়োজকদের তথ্য অনুযায়ী, এক হাজারের বেশি ক্রিকেটার টুর্নামেন্টের জন্য নিবন্ধন করেছেন। তাঁদের মধ্যে পাঁচ শতাধিক বিদেশি ক্রিকেটার। আগামী ২৭ সেপ্টেম্বর হবে প্লেয়ার্স ড্রাফট। তবে তাসকিন ছাড়া আর কোন কোন ক্রিকেটার নিবন্ধন করেছেন, সেই তালিকা এখনো প্রকাশ করেনি এপিএল কর্তৃপক্ষ। ফলে ড্রাফটে তাসকিনকে কোন ফ্র্যাঞ্চাইজি দলে নেয়, সেটিই এখন অপেক্ষার বিষয়। আন্তর্জাতিক ক্রিকেটের পাশাপাশি বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার অভিজ্ঞতা আছে তাসকিনের। এবার সেই তালিকায় যোগ হতে পারে আফগানিস্তান প্রিমিয়ার লিগও। তাসকিনের নিবন্ধনের খবরটি এপিএলের পাশাপাশি আফগানিস্তান ক্রিকেট বোর্ডের অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকেও নিশ্চিত করা হয়েছে।