জানা নিউজ

ঢাকা-বেইজিং সম্পর্ক আরও শক্তিশালী হচ্ছে: চীনের রাষ্ট্রদূত

চীন-বাংলাদেশের বন্ধুত্ব দীর্ঘদিনের এবং সময়ের সঙ্গে এ সম্পর্ক আরও শক্তিশালী হচ্ছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

চীনের জাতীয় দিবসের ৭৭তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) ঢাকার চীনা দূতাবাস জানায়, বাংলাদেশ-চীন কালচার, ইকোনমি অ্যান্ড মাস কমিউনিকেশন সেন্টার (বিসিসিইএমসিসি) আয়োজিত এ অনুষ্ঠানে স্থানীয় সরকার মন্ত্রী আবদুল মঈন খান, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম, সংসদ সদস্য আলতাফ হোসেন চৌধুরী ও নিলুফার চৌধুরী মনিসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় ২০০ জন বিশিষ্ট ব্যক্তি উপস্থিত ছিলেন।

রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, চীন-বাংলাদেশের বন্ধুত্ব দীর্ঘদিনের এবং সময়ের সঙ্গে এ সম্পর্ক আরও শক্তিশালী হচ্ছে।

তিনি চীন-বাংলাদেশ বন্ধুত্বপূর্ণ সহযোগিতায় বাংলাদেশের বিভিন্ন খাতের মানুষের অব্যাহত সমর্থন ও সম্পৃক্ততার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।তিনি বলেন, আধুনিকায়নের ক্ষেত্রে চীনের অভিজ্ঞতা বাংলাদেশের সঙ্গে আরও বেশি ভাগাভাগি করতে প্রস্তুত বেইজিং।

নতুন যুগে চীন-বাংলাদেশ অভিন্ন ভবিষ্যতের সম্প্রদায় গড়ে তোলা এবং দ্বিপক্ষীয় সম্পর্কের আগামী ‘সোনালি ৫০ বছর’-এর জন্য শক্ত ভিত্তি তৈরিতে কাজ করবে চীন।অনুষ্ঠানে স্থানীয় সরকার মন্ত্রী আবদুল মঈন খান চীনের জাতীয় দিবস উপলক্ষে শুভেচ্ছা জানান।

তিনি চীনের আধুনিকায়নের উল্লেখযোগ্য অগ্রগতির প্রশংসা করেন।মঈন খান চীনের প্রথম কৃত্রিম উপগ্রহ থেকে প্রচারিত ‘দ্য ইস্ট ইজ রেড’ গানটির কথা স্মরণ করে বলেন, এটি এশিয়া ও তৃতীয় বিশ্বের দেশগুলোর মানুষকে এগিয়ে যেতে অনুপ্রাণিত করেছিল।

আবদুল মঈন খান চীন-বাংলাদেশ সম্পর্কের আরও অগ্রগতি এবং দুই দেশের জনগণের কল্যাণ কামনা করেন।