জানা নিউজ

রাষ্ট্রের প্রতিষ্ঠানে কোনো দুর্নীতিচক্রকে প্রতিষ্ঠিত হতে দেওয়া হবে না: অ্যাটর্নি জেনারেল

অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, রাষ্ট্রের কোনো প্রতিষ্ঠানের ভেতরে অসৎ গোষ্ঠী, দুর্নীতিচক্র বা অনৈতিক চক্রকে কোনোভাবেই প্রতিষ্ঠিত হতে দেওয়া হবে না।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) ঢাকার একটি হোটেলে ‘অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের আইন কর্মকর্তাদের প্রসিকিউটরিয়াল নৈতিকতার নীতি ও অনুশীলন জোরদারকরণ’ শীর্ষক দুই দিনব্যাপী কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

কর্মশালাটির আয়োজন করেছে জাতিসংঘের মাদক ও অপরাধবিষয়ক দপ্তরের (ইউএনওডিসি) দক্ষিণ এশিয়া আঞ্চলিক কার্যালয়। এতে সহযোগিতা করছে ইউএনডিপি বাংলাদেশ।

কর্মশালায় অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের ১৬০ জন আইন কর্মকর্তা অংশ নিচ্ছেন। আয়োজকরা জানান, প্রশিক্ষণ কর্মসূচির মূল লক্ষ্য হলো আইন কর্মকর্তাদের পেশাগত সততা, স্বাধীনতা, মানবাধিকার এবং আইনের শাসনের প্রতি অঙ্গীকার আরও সুদৃঢ় করা।
ইতোপূর্বে তাঁর কার্যালয়ের একজন কর্মচারীকে পুলিশের হাতে তুলে দেওয়ার কথা উল্লেখ করে রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা বলেন, ‘সমগ্র বিচার ব্যবস্থার প্রতি একটি দৃঢ় ও সুস্পষ্ট বার্তা দেওয়া হয়েছে-কোনো রকম ঘুষ, দুর্নীতি ও অনিয়মের আশ্রয় এই অফিসে হবে না।’

ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেন, আদালতের কার্যক্রম নস্যাৎ করা, কারসাজি করা অথবা দুর্নীতির উদ্দেশ্যে রাষ্ট্রের মামলা পরিচালনাকে কোনোভাবে প্রভাবিত করার চেষ্টা বরদাশত করা হবে না।

এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রয়োজনে ফৌজদারি ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে। দুই-একজন আইন কর্মকর্তার বিরুদ্ধে বিশ্বাসযোগ্য অভিযোগ পাওয়ার কথা জানিয়ে তিনি বলেন, সেগুলো পর্যালোচনা করে কয়েকটি ক্ষেত্রে কার্যকর ব্যবস্থাও নেওয়া হয়েছে। 

অ্যাটর্নি জেনারেল বলেন, ‘আমাদের ব্যবস্থার সুযোগ নিয়ে বাংলাদেশের গরিব মানুষের টাকা বিদেশে পাচার করা হয়। অনেক ক্ষেত্রে আমাদের কর্মকর্তাদের যোগসাজশ বা আদালতে তাঁদের দুর্বলতার ক্ষেত্রেও ওয়াকিবহাল আছি। আমরা মনে করি, দেশের মানুষের অর্থ বিদেশে পাচারের সঙ্গে যারা জড়িত, এক্ষেত্রে আমাদের অফিস বা সুপ্রিম কোর্টের কোনো শৈথিল্য যদি থেকে থাকে, আমরা শক্তভাবে অ্যাড্রেস করব।’

অতীতে ‘নোট বাণিজ্যের’ অভিযোগ ছিল উল্লেখ করে ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেন, ‘এই অ্যাটর্নি জেনারেল অফিস সম্পর্কে অনেক অভিযোগ ছিল নোট বাণিজ্যের। দায়িত্ব গ্রহণের পর, বিশেষ করে ৩১ জুলাই ২০২৬ তারিখে বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল অফিসে নতুন আইন কর্মকর্তাদের আগমনের মাধ্যমে আমি মনে করি, এই অভিযোগ থেকে আমরা অনেকাংশেই মুক্তি লাভ করেছি।’

তিনি বলেন, ‘বাংলাদেশের মানুষের সুবিচার প্রাপ্তির ক্ষেত্রে তথাকথিত নোট বাণিজ্য, সেকশনে দুর্নীতি বা যেকোনো ধরনের সিন্ডিকেট করে আদালতের আদেশ কিংবা রায়কে প্রভাবিত করা এবং আমাদের আইন কর্মকর্তাদের নানাভাবে প্রভাবিত করার চেষ্টা কোনোভাবেই বরদাশত করা হবে না।’

অ্যাটর্নি জেনারেল বলেন, রাষ্ট্রের আইন কর্মকর্তাদের দায়িত্ব কেবল মামলা পরিচালনা বা জয়লাভের মধ্যে সীমাবদ্ধ নয়। ন্যায়বিচার নিশ্চিত করতে আদালতকে সর্বোচ্চ সহযোগিতা করাই তাঁদের অন্যতম প্রধান দায়িত্ব।

কর্মশালায় প্রশিক্ষক ও বিশেষজ্ঞ প্যানেলে রয়েছেন বাংলাদেশের সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার সারা হোসেন, থাইল্যান্ডের প্রসিকিউটর ওয়ারানথর্ন ওয়ানিচথাওয়ার্ন এবং মালদ্বীপের প্রসিকিউটর মারিয়াম সিমহা মুস্তফা রাশিদ।