জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ইলেকট্রিক ট্রেন প্রকল্পের অনুমোদন দেয়া হয়েছে। আজ বুধবার একনেকের বৈঠকে এই প্রকল্পের অনুমোদন দেয়া হয়।
বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেকের চেয়ারম্যান তারেক রহমান। ঢাকা-নারায়ণগঞ্জ-জয়দেবপুর রুটে চলবে এই ইলেকট্রিক ট্রেন।৩ হাজার ৮২২ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই ইলেকট্রিক ট্রেন ২০৩১ সালে চালুর পরিকল্পনা রয়েছে সরকারের।
এদিন তিনটি মেট্রোরেল প্রকল্পেরও অনুমোদন দেয়া হয়েছে। প্রকল্পগুলো হলো- মেট্রো রেল লাইন-৫ সাউদার্ন রুট, মেট্রো রেল লাইন-১ এবং মেট্রো রেল লাইন-৫ নর্দান রুট।
সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, তিনটি মেট্রো রেল প্রকল্প বাস্তবায়নে মোট ব্যয় হবে প্রায় আড়াই লাখ কোটি টাকা। প্রকল্পগুলোর মধ্যে জাপানের আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) অর্থায়নে এমআরটি লাইন-১ (বিমানবন্দর-কমলাপুর) ও এমআরটি লাইন-৫ নর্দান (হেমায়েতপুর-ভাটারা) প্রকল্পের সংশোধিত ব্যয় প্রস্তাব রয়েছে।
পাশাপাশি এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ও দক্ষিণ কোরিয়ার যৌথ অর্থায়নে নতুন এমআরটি লাইন-৫ সাউদার্ন (গাবতলী-দাশেরকান্দি) প্রকল্প অনুমোদন পেয়েছে।