জানা নিউজ

গাড়ির পেছনের সিটে ইয়াবা-পিস্তল, চেকপোস্টে ধরা

 লোহাগাড়ায় একটি পিকআপে তল্লাশি চালিয়ে ২ হাজার পিস ইয়াবা, একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও ১৩ রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকালে উপজেলার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতী রেঞ্জ কর্মকর্তার কার্যালয়ের সামনে চেকপোস্টে তল্লাশির সময় তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার দুজন হলেন-কক্সবাজার সদর উপজেলার খুরুশকুল এলাকার মো. তারেকুল ইসলাম (২৬) ও মো. রাশেদুল ইসলাম ওরফে রুবেল (৩৮)।

পুলিশ জানায়, নিয়মিত চেকপোস্ট ও বিশেষ অভিযানের অংশ হিসেবে শুক্রবার চুনতী রেঞ্জ কর্মকর্তার কার্যালয়ের সামনে একটি ফোটন পিকআপে তল্লাশি চালানো হয়। এ সময় গাড়ির চালকের সিটের পেছনের পকেটে বিশেষ কৌশলে লুকানো সাদা পলিথিনে মোড়ানো একটি পুটলা পাওয়া যায়।

পরে ওই পুটলা থেকে ২ হাজার পিস ইয়াবা, ৭ দশমিক ৬৫ মিমি ‘মেড ইন ইউএসএ’ খোদাই করা একটি সচল পিস্তল, দুটি ম্যাগাজিন ও ১৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার দুজন জানান, তারা কক্সবাজারের খুরুশকুল এলাকা থেকে চট্টগ্রাম নগরের রিয়াজউদ্দিন বাজারে যাচ্ছিলেন।

একই এলাকার মামুন নামের এক ব্যক্তির সঙ্গে যোগসাজশে বিক্রির উদ্দেশ্যে ইয়াবা ও আগ্নেয়াস্ত্রগুলো চট্টগ্রামে নেওয়া হচ্ছিল। ওই মাদক ও অস্ত্র গ্রহণের জন্য মামুন এরই মধ্যে বাসে করে চট্টগ্রাম শহরে চলে যান। চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার মো. রাসেল বলেন, পলাতক মামুনকে গ্রেপ্তার এবং তার সঙ্গে জড়িত অন্য ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা তৎপরতা ও অভিযান চলছে। উদ্ধার করা মাদক ও অস্ত্রের ঘটনায় প্রচলিত আইনে মামলা করা হয়েছে।