সমাজ থেকে দুর্নীতি নির্মূল না করলে এই সমাজ মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। তিনি বলেন, ‘দুর্নীতির মাত্রা আগের চেয়ে বেড়েছে বলে রাষ্ট্রপতি নিজেই উদ্বেগ প্রকাশ করেছেন।
এই লাগাম টেনে ধরতে না পারলে আমরা যত পরিকল্পনাই করি না কেন, কোনোটিই সফলতার মুখ দেখবে না সব দুর্নীতিবাজদের পেটে চলে যাবে।’ বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের সমাপনী বক্তব্যে শফিকুর রহমান এসব কথা বলেন।তিনি দেশের বর্তমান অর্থনৈতিক, রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতির ওপর বিস্তারিত আলোচনা করেন। বিরোধীদলীয় নেতা বলেন, ‘আমাদের অর্থনীতি ভঙ্গুর। ব্যাংকিং সেক্টর ও স্টক মার্কেট অর্থনীতির এই দুটি মূল পিলারে বিপর্যয় নেমে এসেছে। এসব জায়গা দলীয় প্রভাবমুক্ত করে উপযুক্ত ও সৎ লোকদের দ্বারা পরিচালনা করা দরকার।তিনি মেধাভিত্তিক সমাজ গড়ার আহ্বান জানিয়ে বলেন, ‘চাকরিতে কোটা নয়, মেধার ভিত্তিতে নিয়োগ চাই। কোটা আন্দোলনের মাধ্যমে সমাজ ইতিমধ্যেই এর প্রতিবাদ করেছে। আমরাও এর প্রতিবাদ করি। মেধার মূল্যায়ন হোক, কোনো দলীয় আনুকূল্য যেন না থাকে।’শফিকুর রহমান তার বক্তব্যে বিগত সরকারের ফ্যাসিবাদের কড়া সমালোচনা করেন। তিনি বলেন, ‘তারা (আওয়ামী লীগ) ১৫ বছর ধরে দেশের ওপর যে তাণ্ডব চালিয়েছে, গুম, খুন ও লাখো মামলা দিয়ে বিরোধী দলকে যেভাবে নিগ্রহ করেছে, তার অবসান হয়েছে ২৪-এর ছাত্র-তরুণের গণঅভ্যুত্থানের মাধ্যমে। হাজারো শহীদ আর পঙ্গুত্ববরণকারী তরুণের রক্তে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি।’