শৈশবের প্রিয় জাদুর দুনিয়ায় আবারও ফিরতে চলেছেন ‘হ্যারি পটার’ ভক্তরা। নতুন টিভি সিরিজের প্রথম ঝলক প্রকাশের পর যে সংশয় ও সমালোচনা তৈরি হয়েছিল, অফিসিয়াল ট্রেলার প্রকাশের পর অনেকটাই বদলে গেছে সেই চিত্র। হগওয়ার্টসের পরিচিত পরিবেশ এবং হ্যারি, রন ও হারমায়োনির চরিত্রে নতুন তিন অভিনয়শিল্পীর উপস্থিতি মন কেড়েছে দর্শকদের। গত মার্চে সিরিজটির টিজার ও ফার্স্ট লুক প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। পুরোনো হ্যারি পটার সিরিজের ড্যানিয়েল র্যাডক্লিফ, রুপার্ট গ্রিন্ট ও এমা ওয়াটসনের সঙ্গে দর্শকদের দীর্ঘদিনের আবেগ জড়িয়ে থাকায় নতুন মুখদের সহজে মেনে নিতে পারেননি অনেকে। নতুন শিশু অভিনয়শিল্পীদের মধ্যে আগের সেই ‘ম্যাজিক’ নেই বলেও মন্তব্য করেছিলেন কেউ কেউ। তবে অফিসিয়াল ট্রেলার প্রকাশের পর সেই সমালোচনার জায়গা অনেকটাই নিয়েছে উচ্ছ্বাস। হগওয়ার্টস স্কুলের চেনা আবহ, জাদুকরী পরিবেশ এবং প্রথম দিকের দৃশ্যেই তিন বন্ধুর রসায়ন দর্শকদের নজর কেড়েছে। পুরোনো চরিত্রগুলোর নতুন অবতার নিয়ে যে সংশয় ছিল, তা কাটিয়ে এখন নতুন অভিনয়শিল্পীদের ওপর আস্থা রাখছেন অনেক ভক্ত। নতুন সিরিজে হ্যারি পটারের চরিত্রে অভিনয় করেছেন ডমিনিক ম্যাকলাফলিন। রন উইজলির ভূমিকায় রয়েছেন অ্যালাস্টেয়ার স্টাউট এবং হারমায়োনি গ্রেঞ্জারের চরিত্রে দেখা যাবে অ্যারাবেলা স্ট্যানটনকে। বিশেষ করে নতুন হারমায়োনির উপস্থাপন দর্শকদের মধ্যে আলাদা আগ্রহ তৈরি করেছে। ট্রেলার প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের মন্তব্যেও ফুটে উঠেছে সেই উচ্ছ্বাস। একজন লিখেছেন, ‘মনে হচ্ছে যেন আবার বাড়ি ফিরলাম।’ আরেক অনুরাগী বলেছেন, ‘বড়দিনে আমার একমাত্র ইচ্ছা, এই নতুন সিরিজটি বারবার দেখা।’ তবে প্রশংসার পাশাপাশি ভিন্ন মতও রয়েছে। রেডিটের একটি জনপ্রিয় আলোচনায় ট্রেলারের দৃশ্যগুলো অতিমাত্রায় ধূসর দেখাচ্ছে বলে প্রশ্ন তুলেছেন কয়েকজন। পুরোনো ভক্তদের কেউ কেউ মনে করছেন, নতুন সিরিজে সেই উজ্জ্বল জাদুকরী আবহের ঘাটতি রয়েছে। আবার কারও মতে, জনপ্রিয় চলচ্চিত্র সিরিজের পর নতুন করে গল্পটি নির্মাণের প্রয়োজনই ছিল না। ফলে মিলেনিয়াল থেকে শুরু করে জেন-জি ও জেন আলফা দর্শকদের মধ্যেও প্রতিক্রিয়া পুরোপুরি একমুখী নয়। জে কে রাউলিংয়ের বিখ্যাত উপন্যাস অবলম্বনে নির্মিত হচ্ছে নতুন এই টিভি সিরিজ। সিনেমাগুলোর তুলনায় বইয়ের গল্পকে আরও বিস্তারিতভাবে তুলে ধরার পরিকল্পনা রয়েছে নির্মাতাদের। ২০০১ সালে মুক্তি পাওয়া প্রথম চলচ্চিত্রে যেসব ঘটনা জায়গা পায়নি, সেগুলোর অনেকটাই মূল উপন্যাস অনুসরণ করে সিরিজে বিস্তৃতভাবে দেখানো হবে। ২০২৬ সালের বড়দিনে সিরিজটির প্রিমিয়ারের প্রস্তুতি চলছে। ফলে ট্রেলার প্রকাশের পর নতুন তিন মুখকে ঘিরে দর্শকদের আগ্রহ আরও বেড়েছে। পুরোনো স্মৃতির সঙ্গে নতুন প্রজন্মের হ্যারি পটারকে কতটা সফলভাবে মিলিয়ে দিতে পারে এই সিরিজ, এখন সেটিই দেখার অপেক্ষা।