জানা নিউজ

ভিডিও করায় নারী দর্শককে ধমক দিলেন নচিকেতা

দুই বাংলার জনপ্রিয় সংগীতশিল্পী নচিকেতা চক্রবর্তীর একটি ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, কনসার্টে গান পরিবেশনের সময় এক নারী দর্শক মোবাইল ফোনে ভিডিও করায় ক্ষুব্ধ হয়েছেন এই শিল্পী। একপর্যায়ে গান থামিয়ে ওই নারীকে ভিডিও না করার অনুরোধ জানান তিনি। ভাইরাল হওয়া ভিডিওতে নচিকেতাকে বলতে শোনা যায়, ‘বৌদি ফোনটা রাখুন না। ফোনটা নিয়ে কী করবে যেন ভেবেই পাচ্ছি না। একবার এরকম তুলছেন, আরেকবার ওরকম তুলছেন। গান শুনতে এসেছেন তো। আমি হাত জোড় করে ভদ্রভাবে বলছি, প্লিজ এটা করবেন না। আমি অপমানিত বোধ করছি।’ এরপর কনসার্টে উপস্থিত অন্য দর্শকদের কথাও উল্লেখ করেন নচিকেতা। তিনি বলেন, ‘অনেক টাকা দিয়ে লোকগুলো আমাকে নিয়ে এসেছে। আপনার হয়তো টাকা আছে। এদের নেই। প্রচুর লোক এখানে আছে, যারা অনেক কষ্ট করে আমার গান শুনতে এসেছে। আপনি আমাকে এভাবে অপমান করতে পারেন না।’ নচিকেতার এমন প্রতিক্রিয়ার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে শুরু হয়েছে আলোচনা। অনেকেই শিল্পীর বক্তব্যকে সমর্থন করেছেন। তাদের মতে, কনসার্টে গান শোনার বদলে বর্তমানে অনেক দর্শক পুরো সময় মোবাইল ফোনে ভিডিও ধারণ, সেলফি কিংবা সরাসরি সম্প্রচারে ব্যস্ত থাকেন। এক নেটিজেন লিখেছেন, ‘এটাই দরকার ছিল। বর্তমান সময়ে কনসার্টে গান শুনতে যায় না, ভিডিও করতে যায় সবাই। আগে সবাই গান শুনত, আর এখন সবাই ফুটেজ ব্যবসায়ী।’ আরেকজন নিজের অভিজ্ঞতা তুলে ধরে লিখেছেন, ‘আমি শ্রেয়া ঘোষালের কনসার্ট নিক্কো পার্ক লনে দেখলাম কিছুদিন আগে। এত দাম দিয়ে টিকিট কেটে প্রায় ৫০ ভাগ শ্রোতা একটি গানও মন দিয়ে শুনলেন না। মোবাইলে সেলফি আর সরাসরি সম্প্রচারে সবাইকে দেখানো-আমি এই কনসার্ট দেখছি।’ আবার কেউ কেউ নচিকেতাকে কটাক্ষ করেও মন্তব্য করেছেন। ফলে কনসার্টে দর্শকদের মোবাইল ফোন ব্যবহার করা উচিত কি না, তা নিয়েও সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে বিতর্ক।