জানা নিউজ

মেসির বিদায়ে আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি কি তুলে রাখা সম্ভব?

লিওনেল মেসির আর্জেন্টিনা জাতীয় দল থেকে বিদায়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বিশ্বজুড়ে ভক্তদের পক্ষ থেকে একটি জোরালো দাবি উঠেছে, তার প্রতি শ্রদ্ধা জানিয়ে জাতীয় দলের ১০ নম্বর জার্সি চিরতরে তুলে রাখা হোক।

ভক্তদের এই দাবির পর আবারও সামনে চলে এসেছে প্রয়াত কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনার স্মৃতি।

২০০২ সালের কোরিয়া-জাপান বিশ্বকাপের আগে আর্জেন্টিনার ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) ম্যারাডোনার স্মরণে একই উদ্যোগ নিলেও ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার আইনি জটিলতায় তা বাস্তবায়িত হতে পারেনি।২০০১ সালের ২৫ সেপ্টেম্বর এএফএ-র তৎকালীন সভাপতি হুলিও গ্রন্দোনা নির্বাহী কমিটির বৈঠক শেষে ম্যারাডোনাকে সম্মান জানাতে জাতীয় দল থেকে ১০ নম্বর জার্সি তুলে রাখার সিদ্ধান্ত নেন।

খবরটি শুনে ম্যারাডোনা নিজের উচ্ছ্বাস প্রকাশ করে বলেছিলেন, ‘আমার জন্য নিজের একটি জার্সি থাকা বিশাল ব্যাপার। এতে আকাশী-সাদা জার্সিটি তুলে রাখাটা খুবই সুন্দর একটি উদ্যোগ, কারণ এই জার্সির চেয়ে বড় কিছু হতে পারে না।
তবে ম্যারাডোনা ইতিবাচক অভ্যর্থনা জানালেও অন্য সাবেক তারকারা বিষয়টি ভালোভাবে নেননি। ১৯৭৮ সালের বিশ্বকাপজয়ী তারকা মারিও কেম্পেস এই সিদ্ধান্তের বিরোধিতা করে সংবাদমাধ্যমে লেখেন, ‘আমার মনে হয় না জার্সিটি তুলে রাখা উচিত।
এটি কোনো নির্দিষ্ট ব্যক্তির জার্সি নয়, এটি পুরো আর্জেন্টিনার ফুটবলের ঐতিহ্য।’ফিফার তৎকালীন নিয়মানুযায়ী বিশ্বকাপে অংশ নেওয়া দলগুলোর খেলোয়াড়দের জার্সি নম্বর ১ থেকে ২৩ এর মধ্যে রাখা বাধ্যতামূলক ছিল। গ্রন্দোনা এই সমস্যার সমাধানে ফিফা সভাপতি সেপ ব্লাটারের কাছে অনুরোধ জানান যাতে ১০ নম্বর জার্সিটি বাদ দিয়ে বদলে ২৪ নম্বর জার্সি ব্যবহারের অনুমতি দেওয়া হয়। প্রাথমিকভাবে আয়োজক কমিটি এবং ব্লাটার বিষয়টিকে ‘বিশেষ বিবেচনা’ হিসেবে মৌখিক সম্মতি দেন। ঠিক হয়েছিল আর্জেন্টিনা দলের তৃতীয় গোলরক্ষক রোবের্তো বোনানো ২৪ নম্বর জার্সি পরে মাঠে নামবেন।

তবে ২০০২ বিশ্বকাপের ঠিক ছয় দিন আগে সিউলে অনুষ্ঠিত ফিফার নির্বাহী কমিটির সভায় সেই সিদ্ধান্ত নাকচ হয়ে যায়। সেপ ব্লাটার বিষয়টি নিয়ে জানান, ‘বিশ্বকাপের ঠিক আগমুহূর্তে নিয়ম ভাঙা সঠিক হবে না। বেকেনবাওয়ারের ৬, হেনতোর ৭ কিংবা দি স্তেফানোর ৯ নম্বর জার্সির মতো ইতিহাস রয়েছে। আর নিয়ম শিথিল করলে আর্জেন্টিনার ১০ নম্বর জার্সিধারী হাত দিয়ে বল ধরবে, যা দেখতে অদ্ভুত লাগবে।’

সংবাদমাধ্যমের গুঞ্জন অনুযায়ী, সে বছর ফিফা সভাপতি নির্বাচনের রাজনৈতিক সমীকরণের কারণেই ক্যামেরুনসহ কয়েকটি আফ্রিকান দেশের আপত্তির মুখে ব্লাটার পিছু হটেছিলেন। পরবর্তীতে ২০০৬ সালের জার্মানি বিশ্বকাপে হুয়ান রোমান রিকুয়েলমে এবং তার পরবর্তী সময়ে লিওনেল মেসি নিজে এই ঐতিহাসিক ১০ নম্বর জার্সি গায়ে চাপান।

তবে ম্যারাডোনার জন্য জার্সি তুলে রাখা সম্ভব না হলেও, মেসির মাধ্যমে ১০ নম্বর জার্সির এই অনন্য উত্তরাধিকার বহন করাকেই সর্বকালের সেরা সম্মান হিসেবে দেখছেন বিশ্লেষকরা।