জানা নিউজ

ভারতে কারাভোগ শেষে তামাবিল দিয়ে ফিরলেন ৬ বাংলাদেশি

অনুপ্রবেশের দায়ে ভারতে কারাভোগ শেষে ছয় বাংলাদেশি নাগরিককে দেশে ফেরত পাঠানো হয়েছে।

বুধবার (২৬ আগস্ট) বিকেলে বিজিবি-বিএসএফের উপস্থিতিতে ভারতীয় পুলিশ তাদের বাংলাদেশের ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে।

ফেরত আসা ব্যক্তিরা কাজের সন্ধানে বিভিন্ন সময় সিলেটের গোয়াইনঘাট, সুনামগঞ্জ ও জামালপুর জেলার সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন। অনুপ্রবেশের দায়ে দেশটির পুলিশ তাদের বিরুদ্ধে মামলা করে আদালতে সোপর্দ করে।

ভারতের মেঘালয় রাজ্যের শিলং ডিস্ট্রিক কারাগারে তিনজন এবং রাজ্যের ওয়েস্ট গারো হিলস জেলার তুরা কারাগারে তিন বাংলাদেশি কারাভোগ করেন। পরে বাংলাদেশি কর্তৃপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে আইনি প্রক্রিয়া শেষে ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাদের দেশে ফেরত পাঠায়।

ফেরত পাঠানো বাংলাদেশিরা হলেন—ঢাকার কদমতলী থানার মো. জাকির হোসেনের ছেলে মো. সাকিব (২৩), সুনামগঞ্জের ছাতক থানার সিরাজ আলীর ছেলে আলিম উদ্দিন (২৯), নারায়ণগঞ্জের মো. আলাউদ্দিনের ছেলে এমদাদুল হক (৪৩), রাজশাহীর গোদাগাড়ী থানার মো. মফিজ উদ্দিনের ছেলে মো. তফিজুল ইসলাম (৪৭), চাঁপাইনবাবগঞ্জের সদর মডেল থানার মো. রফিকুল ইসলামের ছেলে মো. মামলত হোসেন (৩৪) এবং রাজশাহীর গোদাগাড়ী থানার মনিরুল ইসলামের ছেলে মো. রিহাম (১৯)।

তামাবিল ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ সাব-ইন্সপেক্টর (এসআই) মো. বজলুর রশিদ বলেন, বিজিবি-বিএসএফের উপস্থিতিতে ছয় বাংলাদেশিকে যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে গ্রহণ করা হয়েছে।

পরে তাদের নিজ নিজ আত্মীয়স্বজনের জিম্মায় হস্তান্তর করা হয়।