রাষ্ট্রপতি শপথ নেওয়ার পরপরই মন্ত্রিসভার নতুন সদস্যদের শপথ অনুষ্ঠিত হবে।
মন্ত্রিপরিষদ বিভাগ জানায়, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের স্থানীয় সরকার মন্ত্রণালয়ে নতুন একজনকে দায়িত্ব দেওয়া হবে। এই মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে যাচ্ছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান।
এ ছাড়াও, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয়, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, বস্ত্র ও পাট মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয়, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ে পরিবর্তন আসতে পারে। এসব মন্ত্রণালয়ে নতুন শপথ পাওয়াদের মধ্য থেকে দপ্তর বণ্টনের পাশাপাশি আরও কিছু মন্ত্রণালয়ের মন্ত্রীর দপ্তরে রদবদল করা হবে।
তথ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পাচ্ছেন বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী হচ্ছেন বান্দরবান থেকে নির্বাচিত সংসদ সদস্য সাচিং প্রু জেরী। ধর্ম প্রতিমন্ত্রী হচ্ছেন গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকন।
মন্ত্রিপরিষদ বিভাগ জানায়, নতুন মন্ত্রীদের শপথ নেওয়ার পর আজই মন্ত্রিসভার নতুন সদস্যদের দপ্তর বণ্টন এবং দপ্তর রদবদল করে প্রজ্ঞাপন জারি করা হবে।
বর্তমানে তারেক রহমানের মন্ত্রিসভায় ২৪ জন মন্ত্রী ও ২৩ জন প্রতিমন্ত্রী আছেন। মন্ত্রীর পদমর্যাদায় ৫ জন ও প্রতিমন্ত্রীর পদমর্যাদায় ৫ জন উপদেষ্টা রয়েছেন।