জানা নিউজ

দেশের বিভিন্ন ক্রান্তিকালে জিয়া পরিবার জনগণের পাশে ছিল: আমান উল্লাহ আমান

দেশের বিভিন্ন ক্রান্তিকালে এই জিয়া পরিবার জনগণের পাশে ছিল মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মো. আমান উল্লাহ আমান বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এ দেশকে একটি আধুনিক বাংলাদেশ হিসেবে গড়ে তোলার জন্য একদলীয় শাসন থেকে বহুদলীয় গণতন্ত্রে পদার্পণ করেছিলেন। স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন শহীদ জিয়াউর রহমান।

গণতন্ত্র পুনরুদ্ধার করেছেন তিনবারের প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আজ ফ্যাসিস্ট খুনি শেখ হাসিনামুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠা হয়েছে।
সেই আন্দোলনে দীর্ঘ ১৮ বছর নির্বাসনে থাকা অবস্থায় নেতৃত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এসময় বিএনপির এ নেতা বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান জনগণের প্রত্যাশা পূরণের জন্য, তাদের আস্থা অর্জনের জন্য যে দায়িত্ব দিয়েছেন সে দায়িত্ব আমরা নিষ্ঠার সঙ্গে পালন করব।
মঙ্গলবার (১৮ আগস্ট) রাজধানীর শেরেবাংলা নগরে জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন তিনি।

আমান উল্লাহ আমান বলেন, স্বাধীনতা যুদ্ধকালে জিয়াউর রহমান জনগণের পাশে দাঁড়িয়ে স্বাধীনতার ঘোষণা দিয়েছেন।

বেগম খালেদা জিয়া গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য রাজপথে নেতৃত্ব দিয়েছিলেন এবং আজ জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য, গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আমাদের নেতা বিএনপি চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমান নেতৃত্ব দিয়েছেন। তিনি বলেন, তারেক রহমান নির্বাচনের আগে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন– ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, মসজিদের খতিব, ইমাম, মুয়াজ্জিন ও পুরোহিতদের জন্য সম্মানী ভাতা এবং জনকল্যাণকর সব কর্মসূচি– তিনি একটার পর একটা বাস্তবায়ন করছেন। জনগণের প্রত্যাশা পূরণ করছেন। বেগম খালেদা জিয়া ইন্টারমিডিয়েট পর্যন্ত ছাত্রীদের উপবৃত্তি দিয়েছিলেন, আজ প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন অনার্স পর্যন্ত ছাত্রীদের অবৈতনিক ও তাদের উপবৃত্তি দেওয়া হবে।বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, খালেদা জিয়াকে মঈনুল রোডের বাসভবনে কীভাবে নির্যাতন করেছিল। সেদিন তিনি যেভাবে সাহসিকতার সঙ্গে আমাদেরকে পথ দেখিয়েছিলেন, আজও তিনি দেশ গঠনে দেশের জন্য পথ দেখাচ্ছেন। আজ যে প্রত্যাশা নিয়ে আমাদের দায়িত্ব দিয়েছেন, দলের সঙ্গে জনগণের ব্রিজ নির্মাণ করব আমরা। সরকারের সঙ্গে জনগণের ব্রিজ নির্মাণ করব আমরা। আমরা জনগণকে নিয়ে এই দলকে, এই সরকারকে সহযোগিতার মধ্য দিয়ে নিষ্ঠার সঙ্গে কর্মকাণ্ড পরিচালনা করব।

আমান উল্লাহ আমান বলেন, জনগণের আস্থা অর্জনে এই সরকার কাজ করছে, প্রধানমন্ত্রী কাজ করছেন। আজ সরকারের প্রতি জনগণের আস্থা এসেছে। সেই আস্থাকে আমরা সম্পূর্ণ দায়িত্বের সঙ্গে এগিয়ে নিয়ে যাব।