দলের এমন পারফরম্যান্সের প্রশংসা করে তামিম আলাদাভাবে বাংলাদেশের পেস বোলিং কোচদের অবদানও স্মরণ করেছেন। শন টেইট দায়িত্ব ছাড়ার পর স্থানীয় কোচ তালহা জুবায়ের সেই দায়িত্ব সামলাচ্ছেন। তাঁর কাজেরও প্রশংসা করেছেন বিসিবি সভাপতি, ‘প্রতিটি সেশন জেতা এবং ম্যাচটি জেতা দলের জন্য একটি অসাধারণ অর্জন ছিল। এর কৃতিত্ব সম্পূর্ণ খেলোয়াড়, টিম ম্যানেজমেন্ট এবং নির্বাচকদের। আলাদাভাবে আমাদের ফাস্ট বোলিং কোচ শন টেইটের কথা বলতে চাই, যিনি খুব ভালো কাজ করেছেন। তিনি চলে যাওয়ার পর আমরা স্থানীয় কোচ তালহা জুবায়েরকে দায়িত্ব দিই। তিনি শন টেইটের রেখে যাওয়া মান ধরে রেখেছেন এবং ভালো করছেন। তার প্রশংসা করা উচিত।’
অস্ট্রেলিয়াকে হারানোর পর বাংলাদেশের সামনে এখন বড় সুযোগ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের লড়াইয়ে আরও ওপরে ওঠার। ডারউইনের জয়ে পয়েন্ট শতাংশ বেড়ে ৬৬.৬৭ হয়েছে বাংলাদেশের। পাঁচ টেস্টে তিন জয়, এক হার ও এক ড্রয়ে চতুর্থ অবস্থানে আছে তারা। সামনে অস্ট্রেলিয়ার বিপক্ষে আরও একটি টেস্ট ছাড়াও দক্ষিণ আফ্রিকার মাটিতে দুটি এবং ঘরের মাঠে চারটি টেস্ট রয়েছে।
টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যাওয়ার সম্ভাবনা নিয়ে তামিম অবশ্য এখনই বেশি দূর ভাবতে চান না, ‘আমরা যে এই সম্ভাবনার কথা বলছি, তাতেই প্রমাণ হয় বাংলাদেশ ক্রিকেট ধারাবাহিকভাবে ভালো খেলছে। গাণিতিকভাবে এটি সম্ভব। তবে আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ হলো তারা এখন যে ধরনের ক্রিকেট খেলছে, সেটি বজায় রাখা। ঘরের মাঠে চারটি টেস্ট আছে, দক্ষিণ আফ্রিকায় দুটি এবং অস্ট্রেলিয়ায় দ্বিতীয় টেস্ট। তারা যেভাবে খেলছে, তাতে যেকোনো কিছু সম্ভব। আমি খুব বেশি দূরের চিন্তা করতে চাই না। এটি টিম ম্যানেজমেন্ট এবং খেলোয়াড়দের কাজ, তারা এটি নিয়ে ভাববে।’
ডারউইনের জয়কে শুধু পয়েন্ট কিংবা র্যাংকিংয়ের হিসাবেও দেখছেন না বিসিবি সভাপতি। তাঁর চোখে, এই জয় বাংলাদেশের ক্রিকেটের জন্য আরও বড় দরজা খুলে দিতে পারে। বিশেষ করে বিদেশের মাটিতে শক্তিশালী দলগুলোর বিপক্ষে আরও বেশি টেস্ট খেলার সুযোগ তৈরিতে এই ফল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
আগামী মাসে ফিউচার ট্যুর প্রোগ্রাম (এফটিপি) নিয়ে বৈঠক আছে। সেখানে বড় দলগুলোর সঙ্গে আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সিরিজ আয়োজনের চেষ্টা করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তামিমের বিশ্বাস, অস্ট্রেলিয়ার বিপক্ষে এই জয় সেই আলোচনায় বাংলাদেশকে বাড়তি সুবিধা দেবে, ‘এটি আমাদের দায়িত্ব। আগামী মাসে এফটিপি মিটিং হবে। সেখানে আমরা অন্য দলগুলোকে কনভিন্স করে আরও ভালো সিরিজ নেওয়ার চেষ্টা করব। এই জয়টি অন্য দলগুলোর সঙ্গে আলোচনার ক্ষেত্রে আমাদের সাহায্য করবে। আমরা এফটিপিকে যতটা সম্ভব প্রতিযোগিতামূলক করার এবং বড় দলগুলোর সঙ্গে খেলার চেষ্টা করব।’
তামিম আরও যোগ করেন, ‘এই জয়টি আন্তর্জাতিকভাবে একটি বড় বার্তা দেবে। এটি শুধু একটি জয় নয়, একটি শক্তিশালী বার্তা। আমরা সবাই খুব খুশি।’