প্রেম, আত্মত্যাগ আর পারিবারিক রহস্যে মোড়া তুর্কি ধারাবাহিক ‘কারা সেভদা’ এবার বাংলা ভাষায় দর্শকদের ঘরে ঘরে পৌঁছে যাচ্ছে। দীপ্ত টিভির পর্দায় সিরিজটির বাংলা নাম রাখা হয়েছে ‘অনন্ত ভালোবাসা’। গতকাল শনিবার রাত সাড়ে আটটায় প্রথম পর্ব প্রচারের মধ্য দিয়ে শুরু হয় এই যাত্রা, এরপর প্রতি শনি থেকে বৃহস্পতিবার একই সময়ে দীপ্ত টিভি, দীপ্ত প্লে ও দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মে দেখা যাবে সিরিজটি। তুরস্কের স্টার টিভিতে ২০১৫ থেকে ২০১৭ সাল পর্যন্ত প্রচারিত হয়েছিল ‘কারা সেভদা’। মুক্তির পর থেকেই বিশ্বজুড়ে আলোড়ন তোলে সিরিজটি, এ পর্যন্ত ১১০টিরও বেশি দেশে প্রচারিত ও অনূদিত হয়েছে এটি। বিশেষ করে মধ্যপ্রাচ্য, লাতিন আমেরিকা, দক্ষিণ এশিয়া ও ইউরোপে অভূতপূর্ব জনপ্রিয়তা পেয়েছে এই ধারাবাহিক। এমনকি প্রথম তুর্কি ড্রামা সিরিজ হিসেবে ৪৫তম আন্তর্জাতিক এমি অ্যাওয়ার্ডসেও পুরস্কার জিতে নেয় ‘কারা সেভদা’। সিরিজটি পরিচালনা করেছেন হিলাল সরাও। গল্পের কেন্দ্রে মধ্যবিত্ত পরিবারের মেধাবী তরুণ কামাল সোয়দেরে ও ধনী পরিবারের স্বাধীনচেতা তরুণী নিহান সেজিন। সামাজিক অবস্থানের ফারাক সত্ত্বেও একে অপরের গভীর প্রেমে জড়ায় তারা। তবে তাদের সম্পর্কের পথে কাঁটা হয়ে দাঁড়ায় ক্ষমতাবান ধনকুবের এমির কোজজুওলু। নিহানকে পাওয়ার জন্য তার ভাইয়ের বিরুদ্ধেই ষড়যন্ত্রের জাল বোনে এমির। শেষমেশ ভাইকে খুনের মামলা থেকে বাঁচাতে বাধ্য হয়ে এমিরকে বিয়ে করতে হয় নিহানকে, আর হৃদয়ভাঙা কামাল পাড়ি জমায় অন্য শহরে। বছর কয়েক পর সফল ব্যবসায়ী হয়ে শহরে ফেরে কামাল। ফিরেই সে খুঁজে বের করতে শুরু করে নিহানের জীবনের রহস্য আর তাদের বিচ্ছেদের পেছনের আসল সত্য। এরপর থেকেই গল্পে জড়িয়ে পড়ে প্রতিশোধ, গোপন সত্য আর ক্ষমতার লড়াই। এমিরের একের পর এক ষড়যন্ত্রের জাল টপকে আবারও কাছাকাছি আসে কামাল ও নিহান। মূল তিন চরিত্রে অভিনয় করেছেন বুরাক ওজচিভিত, নেসলিহান আতাগুল ও কান উরগানসিওগ্লু। বাংলা রূপান্তরে এই তিন চরিত্রে কণ্ঠ দিয়েছেন যথাক্রমে শফিকুল ইসলাম, রুবাইয়া মতিন গীতি ও মোর্শেদ সিদ্দিকী মরু। এ ছাড়া জয়শ্রী মজুমদার লতা, খায়রুল আলম হিমু, নাদিয়া ইশবাল, মেরিনা আক্তার, শাহরিয়ার রানা জুয়েল, শারমিন মৃত্তিকা, অশোক বসাক, পর্ণা মিটিল্ডা কস্তা, সজিব রায়, সাইফুল ইসলাম শিহাব, মেরিনা আফরোজ শিপু ও রফিকুল ইসলামসহ আরও অনেকে কণ্ঠ দিয়েছেন বিভিন্ন চরিত্রে। কণ্ঠাভিনয়ের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন জয়শ্রী মজুমদার লতা। মাহমুদুল হাসান মুরাদের তত্ত্বাবধানে ‘অনন্ত ভালোবাসা’র অনূদিত সংলাপ রচনা ও সম্পাদনার কাজ করেছে দীপ্ত টিভির নিজস্ব সংলাপ রচয়িতা দল। সিরিজটির ডাবিং প্রজেক্ট ডিরেক্টরের দায়িত্বে ছিলেন মেরিনা আক্তার মিতু, প্রযোজনা করেছেন মাসুদ মিয়া।