জানা নিউজ

নতুন মামলায় গ্রেপ্তার সাবেক প্রতিমন্ত্রী ফরহাদের স্ত্রী

নয়টি মামলায় উচ্চ আদালত থেকে জামিন পাওয়ার পর জুলাই আন্দোলন কেন্দ্রিক নিউমার্কেট থানা এলাকায় আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে সাবেক জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের স্ত্রী ও যুব মহিলা লীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সৈয়দ মোনালিসা ইসলামকে।

বুধবার (১২ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।

গত ৭ আগস্ট এ মামলার তদন্ত কর্মকর্তা ডিবির রমনা জোনাল টিমের পরিদর্শক আমজাদ হোসেন তালুকদার মোনালিসা ইসলামকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। সেই আবেদনের শুনানির জন্য ১৩ আগস্ট দিন ধার্য করা হয়।

এ দিন কারাগার থেকে ভার্চ্যুয়ালি উপস্থিত দেখিয়ে তাকে এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়।মোনালিসা ইসলামের আইনজীবী তরিকুল ইসলাম জানান, মেহেরপুরের আটটি এবং ঢাকায় দুদকের এক মামলায় উচ্চ আদালত থেকে জামিন পান মোনালিসা ইসলাম।

তবে এ মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করায় তার মুক্তি প্রক্রিয়া আটকে যায়।মামলার নথি অনুযায়ী, জুলাই আন্দোলনের সময় ২০২৪ সালের ১৯ জুলাই বিকেলে নিউমার্কেটের নীলক্ষেত এলাকায় আন্দোলন চলাকালে গুলিবিদ্ধ হয়ে নিহত হন ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ।

এ ঘটনায় তার শ্যালক আব্দুর রব নিউমার্কেট থানায় হত্যা মামলা করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ ১৩০ জনকে আসামি করা হয়েছে। উল্লেখ্য, গত বছরের ১৬ ফেব্রুয়ারি গভীর রাতে ঢাকার ইস্কাটন রোডের একটি বাড়ি থেকে মোনালিসা ইসলামকে গ্রেপ্তার করে পুলিশ।