জানা নিউজ

সিলেটে বাসার ভেতরে কাজের মেয়েসহ বৃদ্ধ-বৃদ্ধা খুন

সিলেট নগরের রায়নগর এলাকার একটি বাসায় কাজের মেয়েসহ বৃদ্ধ ও বৃদ্ধা খুন হয়েছেন। বুধবার (১২ আগস্ট) সকাল ৯টার দিকে রায়নগরের মিতালী ১১১ নম্বর বাসায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন– নগরের ১৯ নং ওয়ার্ডের মিতালি ১১১ নিকুঞ্জ ভিলার বাসিন্দা মৃত আবরু মিয়ার ছেলে এমএ সাত্তার (৮২), তার স্ত্রী সুরাইয়া বেগম (৭২) ও তাদের বাসার গৃহকর্মী নগরের জল্লার পাড় এলাকার বাসিন্দা তাহমিনা (১৫)। ছত্তার মিয়ার গ্রামের বাড়ি বিয়ানীবাজারে।

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া অফিসার অতিরিক্ত উপকমিশনার মনঞ্জুরুল আলম এ তথ্য নিশ্চিত করে বলেন, সকালে রায়নগর আবাসিক এলাকার মিতালী ১১১ নম্বর বাসার ভেতরে ঢুকে দুর্বৃত্তরা বৃদ্ধ-বৃদ্ধাসহ কাজের মেয়েকে খুন করেছে। খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে।

তবে এ ঘটনার বিস্তারিত জানা যায়নি। পুলিশ ঘটনাটি অনুসন্ধান করছে। সিলেট কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. মঈনুল জাকির বলেন, ১১১ নম্বর বাসায় ঢুকে হাজী আব্দুস সত্তার মিয়া, তার স্ত্রী ও গৃহকর্মীকে খুন করেছে দুর্বৃত্তরা। আব্দুস সত্তার মিয়া ওই এলাকার পুরোনো বাসিন্দা ও প্রবীণ মুরুব্বি হিসেবে পরিচিত।