জানা গেছে, দুর্ঘটনায় খায়রুল বাসারের বুকে ও হাঁটুতে আঘাত লেগেছে। চিকিৎসার জন্য পরে তাকে পাতায়ার হাসপাতালে নেওয়া হয়।
নিজের শারীরিক অবস্থা জানিয়ে খায়রুল বাসার বলেন, ‘দুর্ঘটনায় আমার বুকে ব্যথা পেয়েছি, হাঁটুতেও আঘাত লেগেছে। হাঁটতেই কষ্ট হচ্ছে। এখন আমরা পাতায়ায় এসেছি। এখানে হাসপাতালে চিকিৎসা নেব। এই অবস্থায় শুটিং বাতিল করতে হয়েছে। আমার যে শারীরিক অবস্থা, তাতে শুটিং করা সম্ভব নয়।’
তবে খায়রুল বাসারের চেয়ে চিত্রগ্রাহক মেহেদী রনি বেশি আহত হয়েছেন বলে জানান এই অভিনেতা। দুজনকেই হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শুরু করেছেন।
বাসার বলেন, ‘মাত্রই হাসপাতালে এসেছি। এখন দুজনের এক্স-রে করাতে হবে। পরে চিকিৎসকের পরামর্শেই থাকতে হবে। যদিও কাল আমার শুটিং ছিল না, পরে ছিল। এখন বিশ্রাম নিতে হবে। এ অবস্থায় ২-৩ দিন শুটিং করা সম্ভব নয়।’
জানা গেছে, একসঙ্গে কয়েকটি নাটকের শুটিংয়ের জন্য থাইল্যান্ডে গেছেন খায়রুল বাসার। ঈদের পর কিছুটা বিরতি শেষে বিদেশে গিয়ে আবারও শুটিংয়ে ফিরেছিলেন তিনি।