জানা নিউজ

দুবাইয়ে থাকছেন মোস্তাফিজ, দলছাড়া সাকিব-তাসকিন

দুবাই ক্যাপিটালসকে প্লে-অফে তুলতে গুরুত্বপূর্ণ অবদান রাখার চমৎকার পুরস্কার পেলেন বাংলাদেশি কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। আন্তর্জাতিক লিগ টি-টোয়েন্টির নতুন মৌসুমের জন্যও তাকে দলে রেখে দিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।

 

তবে দুই সতীর্থ সাকিব আল হাসান ও তাসকিন আহমেদের ভাগ্য অতটা ভালো হয়নি; তাদের যথাক্রমে ছেড়ে দিয়েছে এমআই এমিরেটস ও শারজাহ ওয়ারিয়র্স।

আগামী ২২ নভেম্বর থেকে মাঠে গড়াচ্ছে আইএলটি২০-এর পঞ্চম আসর।

টুর্নামেন্ট শুরুর আগেই অংশগ্রহণকারী ছয়টি দল তাদের ধরে রাখা (রিটেনশন) এবং নতুন চুক্তিবদ্ধ খেলোয়াড়দের তালিকা চূড়ান্ত করেছে। 

বিপিএলের ব্যস্ততার কারণে গত আসরের পুরোটায় খেলতে পারেননি মোস্তাফিজ।

তবে দেশে ফেরার আগে মাত্র ৮ ম্যাচে ১৫.৫৩ গড় ও ১১.৫০ স্ট্রাইক রেটে ১৫টি উইকেট ঝুলিতে পুরেছিলেন এই বাঁহাতি পেসার, যা তাকে টুর্নামেন্টের শীর্ষ পাঁচ বোলারের তালিকায় জায়গা করে দেয়। এমন পারফরম্যান্সের পর ফিজকে রিটেইন করতে খুব একটা ভাবতে হয়নি দুবাইকে।
দুবাই ক্যাপিটালস ফিজের পাশাপাশি ক্যারিবিয়ান অলরাউন্ডার রভম্যান পাওয়েলকে রেখে দিয়েছে এবং নতুন চুক্তিতে ভিড়িয়েছে মার্কাস স্টয়নিস ও নুর আহমেদকে। 

অন্যদিকে এমআই এমিরেটসের হয়ে গত আসরটি মোটেও ভালো কাটেনি সাকিব আল হাসানের। ৮ ম্যাচে ৫ ইনিংসে ১২২.৩৪ স্ট্রাইক রেটে তিনি মাত্র ১১৫ রান করেছিলেন, আর বল হাতে নিতে পেরেছিলেন মাত্র ৩টি উইকেট। যার মাশুল হিসেবে তাকে ছেড়ে দিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।

শারজাহ ওয়ারিয়র্সের হয়ে তাসকিন আহমেদের পারফরম্যান্স অবশ্য মন্দ ছিল না। প্রথমবারের মতো লিগটিতে অংশ নিয়ে ৬ ম্যাচে ১৫.৪৪ গড়ে ৯টি উইকেট শিকার করেছিলেন তিনি। তবুও ধরে রাখা ক্রিকেটারদের তালিকায় জায়গা মেলেনি এই স্পিডস্টারের। শারজাহ এবার একমাত্র সিকান্দার রাজাকে রেখে দিয়ে নতুন করে চুক্তিবদ্ধ করেছে অ্যাডাম মিলনে, জেমস ভিন্স ও ওয়াকার সালামখিলকে।

এবারের আসরে নতুন বেশ কিছু তারকাকে আইএলটি২০-র মঞ্চে দেখা যাবে। প্রথমবারের মতো গালফ জায়ান্টসের জার্সিতে মাঠে নামবেন দক্ষিণ আফ্রিকার দুই বিধ্বংসী ব্যাটার হেনরিখ ক্লাসেন ও ডেভিড মিলার। অন্যদিকে আবু ধাবি নাইট রাইডার্সের হয়ে লিগটিতে অভিষেক হতে যাচ্ছে নিউজিল্যান্ডের ফিন অ্যালেনের।

আগামী ১ অক্টোবর দুবাইতে অনুষ্ঠিত হবে খেলোয়াড়দের নিলাম, যেখানে সর্বনিম্ন ১৮ থেকে সর্বোচ্চ ২৩ জনের স্কোয়াড গড়তে পারবে দলগুলো। নিলাম শেষে ওয়াইল্ডকার্ড নিয়মে আরও একজন করে খেলোয়াড় দলে নেওয়ার সুযোগ থাকবে।