ফটিকছড়িতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমনকে ঘিরে নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।
রবিবার (৯ আগস্ট) তাঁর সফরকে কেন্দ্র করে উপজেলার আব্দুল্লাহপুর থেকে বাগানবাজার পর্যন্ত সড়কের বিভিন্ন স্থানে মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়।
তারেক রহমান ফটিকছড়ির পেলাগাজীর দিঘি হেলিপ্যাডে অবতরণের পর নির্ধারিত লাল গাড়িতে করে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মহিবুল্লাহ বাবুনগরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে যান। পরে তিনি আল্লামা মহিবুল্লাহ বাবুনগরীর সঙ্গে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ৬৪ জন আলেমের সঙ্গে মতবিনিময় করেন।
মতবিনিময় শেষে তারেক রহমান হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মহিবুল্লাহ বাবুনগরীর সঙ্গে সাক্ষাৎ সমাপ্ত করে হাটহাজারীতে হযরত মাওলানা আল্লামা শাহ আহমদ শফী (রহ.)-এর কবর জিয়ারতের উদ্দেশ্যে ফটিকছড়ি ত্যাগ করেন।
এদিকে তারেক রহমানের সফরকে কেন্দ্র করে ফটিকছড়ির বিভিন্ন সড়ক ও গুরুত্বপূর্ণ স্থানে বিএনপির নেতাকর্মীদের পাশাপাশি বিপুলসংখ্যক সাধারণ মানুষের উপস্থিতি দেখা যায়। দল-মত নির্বিশেষে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাঁকে একনজর দেখার জন্য সড়কের দুই পাশে অবস্থান নেন।
সকাল থেকেই আব্দুল্লাহপুর, নাজিরহাট, ফটিকছড়ি সদরসহ বাগানবাজারমুখী সড়কের বিভিন্ন অংশে মানুষের ভিড় বাড়তে থাকে। এতে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
তারেক রহমানের এই সফরকে ঘিরে স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যেও ব্যাপক প্রাণচাঞ্চল্য দেখা গেছে।