জানা নিউজ

মেসির বাবার মৃত্যুতে শোক জানালো রিয়াল মাদ্রিদ

ফুটবল বিশ্বের চিরপ্রতিদ্বন্দ্বী দুই ক্লাব- রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। মাঠের লড়াইয়ে যাদের প্রতিদ্বন্দ্বিতা তীব্র, সেই রিয়ালই এবার কঠিন সময়ে সবার আগে পাশে দাঁড়াল লিওনেল মেসির। মেসির বাবা হোর্হে মেসির মৃত্যুর খবর প্রকাশের পর আনুষ্ঠানিক শোকবার্তা দিয়েছে রিয়াল মাদ্রিদ। গত শনিবার হোর্হে মেসির মৃত্যুর খবর প্রকাশ্যে আসে। এরপর নিজেদের অফিসিয়াল ওয়েবসাইটে শোকবার্তা প্রকাশ করে রিয়াল মাদ্রিদ। ক্লাবটি জানায়, হোর্হে মেসির মৃত্যুতে তারা গভীরভাবে শোকাহত। রিয়াল মাদ্রিদের বিবৃতিতে বলা হয়, ‘রিয়াল মাদ্রিদের সভাপতি ও পরিচালনা পর্ষদ লিওনেল মেসির বাবা হোর্হে মেসির মৃত্যুতে গভীরভাবে শোক প্রকাশ করছে। আমাদের ক্লাব লিওনেল মেসি, তার পরিবার এবং তার সব প্রিয়জনের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছে।’ এদিকে স্প্যানিশ সংবাদমাধ্যমের বরাত দিয়ে জানা গেছে, দীর্ঘদিন ধরে গুরুতর অসুস্থতার সঙ্গে লড়াই করছিলেন হোর্হে মেসি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর। মেসির বাবার শারীরিক অবস্থা দীর্ঘদিন ধরেই ভালো ছিল না। এমনকি ২০২৬ বিশ্বকাপ চলাকালীনও তার অসুস্থতার খবর মেসিকে মানসিকভাবে নাড়া দিয়েছিল। বিশ্বকাপের সময় বাবাকে দেখতে যাওয়ার কথাও বিবেচনা করেছিলেন আর্জেন্টাইন তারকা। বিশ্বকাপের পর পরিস্থিতি আরও গুরুতর হয়ে উঠলে স্পেনের বিপক্ষে ফাইনাল খেলার পরই মেসি জরুরি ভিত্তিতে আর্জেন্টিনার রোজারিওতে ছুটে যান। দীর্ঘ দুই মাস বাবাকে দেখতে না পাওয়ার পর তার সঙ্গে সময় কাটাতেই দ্রুত দেশে ফেরেন মেসি। বিশ্বকাপেও বাবার অসুস্থতার প্রভাব মেসির ওপর স্পষ্ট ছিল। আলজেরিয়ার বিপক্ষে ম্যাচে গোল করার পর তার চোখের পানি পরিস্থিতির গভীরতা প্রকাশ করেছিল। হোর্হে মেসিকে প্রথমে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পরে রোসারিওতে নিজ বাড়িতে তার চিকিৎসা চলছিল। শেষ সময় পর্যন্ত স্ত্রী সেলিয়া মারিয়াকে পাশে পেয়েছেন তিনি। মেসির জীবনে বাবা হোর্হে ছিলেন অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন মানুষ। ফুটবলে মেসির উত্থানের পথচলায় বাবার ভূমিকা ছিল বড়। তাই তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে মেসি ও তার পরিবারের ওপর। আর সেই কঠিন সময়ে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের এমন সহমর্মিতা ফুটবল মাঠের বাইরের মানবিকতারই দৃষ্টান্ত হয়ে থাকল।