জানা নিউজ

‘আমাদের ছেলেরা যে আকাঙ্ক্ষা নিয়ে জীবন দিয়েছে, তা নিয়ে যেন ব্যবসা না হয়’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাদা দলের আলোচনা সভায় শহীদ ওয়াসিম আকরামের বাবা শফিউল আলম বলেছেন, সরকারের কাছে তার কোনো গাড়ি-বাড়ি বা অর্থের দাবি নেই। তার একমাত্র চাওয়া, তার ছেলে যে উদ্দেশ্য ও আশা-আকাঙ্ক্ষা নিয়ে জীবন দিয়েছে, তা যেন বাস্তবায়ন করা হয়।

একই সঙ্গে দেশের কোনো মেধা যেন ঝরে না যায়, সে ব্যবস্থা করারও আহ্বান জানিয়েছেন তিনি।শনিবার (৮ আগস্ট) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে সাদা দল ও ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে ‘ফ্যাসিস্ট সরকারের পতনে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। শফিউল আলম বলেন, সরকারের কাছে গাড়ি চাই না, বাড়ি চাই না, টাকাও চাই না। সরকারের কাছে একটাই অনুরোধ-আমার ছেলে যে উদ্দেশ্যে জীবন দিয়েছে, তা বাস্তবায়ন করুন। একটি মেধাও যেন ঝরে না যায়, সে ব্যবস্থা করুন।

তিনি বলেন, আমাদের ছেলেমেয়েরা যে প্রত্যাশা নিয়ে, আশা-আকাঙ্ক্ষা নিয়ে রাস্তায় নেমেছিল, সেই আশা-আকাঙ্ক্ষা যেন পূরণ হয়।

ওই আশা-আকাঙ্ক্ষা নিয়ে যেন কোনো ব্যবসা-বাণিজ্য না হয়, বেচাকেনা না হয়।শহীদ ওয়াসিমের বাবা আরও বলেন, যে মেধার জন্য আমাদের ছেলেমেয়েরা রাস্তায় নেমেছিল, সেই মেধার একটি মেধাও যেন ঝরে না পড়ে। প্রত্যেকটি মেধা যেন কাজে লাগে-আপনাদের কাছে আমি এই ব্যবস্থা চাই। আলোচনা সভায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী উপস্থিত রয়েছেন।

এ ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ বি এম ওবায়দুল ইসলাম, সাদা দলের আহ্বায়ক মোর্শেদ হাসান খানসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, অধ্যাপক ও বিভিন্ন পর্যায়ের শিক্ষকরাও অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন।