জানা নিউজ

ঢাকা আলিয়ায় ছাত্রদল-শিবিরের দফায় দফায় সংঘর্ষ

হল দখলকে কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়েছে ঢাকা আলিয়া মাদ্রাসার ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীরা। দফায় দফায় হামলা-পাল্টা হামলায় উভয়পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছে।

মঙ্গলবার (৪ আগস্ট) বিকেল ৪টার দিকে শুরু হওয়া সংঘর্ষ বিকেল সোয়া ৫টা পর্যন্ত থেমে থেমে চলছে।

পরিস্থিতি শান্ত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঢাকা আলিয়া মাদ্রাসায় অবস্থান করছে।

তারা দুই পক্ষকে ছত্রভঙ্গ করার চেষ্টা করছে।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, হল দখলকে কেন্দ্র করে সংঘাতে জড়ায় দুই ছাত্র সংগঠনের নেতাকর্মীরা।

শুরুতে ছাত্রদলের নেতাকর্মীরা ক্যাম্পাসের নিয়ন্ত্রণ নিলেও পরে পাল্টা অবস্থান নিয়ে ক্যাম্পাসের নিয়ন্ত্রণ নেয় ছাত্রশিবির। বিকেল সোয়া ৫টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত পরিস্থিতি থমথমে।
থেমে থেমে সংঘর্ষ চলছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি শান্ত করার চেষ্টা করছে।এদিকে সংঘর্ষে আহত দুই ছাত্রদল নেতা ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তারা হলেন– সরকারি আলিয়া মাদ্রাসা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক সানাউল্লাহ (৩০) এবং লালবাগ থানা ছাত্রদলের সদস্য সচিব ও ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক নিছার উদ্দিন রাব্বি (২৭)।

আহত রাব্বি জানান, তিনি ওই মাদ্রাসার ছাত্র নন। তবে সেখানে তার অনেক বন্ধু রয়েছে। বিকেলে বন্ধুদের সঙ্গে মাদ্রাসা প্রাঙ্গণে আড্ডা দেওয়ার সময় শিবিরের নেতাকর্মীরা অতর্কিত হামলা চালায়। এসময় লাঠিসোঁটা দিয়ে মারধর ও ইটপাটকেল নিক্ষেপ করা হয় বলে অভিযোগ করেন তিনি।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসকরা জানান, সানাউল্লাহর দুই পা, পিঠসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। এছাড়া রাব্বির বাম পায়ে ইটের আঘাত ও পড়ে গিয়ে বাম হাতে চোট লেগেছে। বর্তমানে জরুরি বিভাগে তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।