জানা নিউজ

রিয়াল ছাড়ছেন ভিনি? যা বললো তার এজেন্সি

বিশ্বকাপ শেষ হতেই ব্রাজিল তারকা ভিনিসিয়ুস জুনিয়রের দলবদল নিয়ে গুঞ্জন যেন ঢালপালা মেলেছে। রিয়াল মাদ্রিদ তারকাকে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব আর্সেনাল নিজেদের ডেরায় ভেড়াতে চায় বলেও জল্পনা তুঙ্গে। এরই মধ্যে বিবৃতি দিয়ে অবস্থান স্পষ্ট করেছে ভিনিসিয়ুসের এজেন্ট প্রতিষ্ঠান রক নেশন স্পোর্টস ইন্টারন্যাশনাল। ব্রাজিল তারকার ভবিষ্যৎ ও দলবদল নিয়ে সম্প্রতি তৈরি হওয়া গুঞ্জনকে ‘ভুয়া ও ক্ষতিকারক’ বলে অভিহিত করেছে প্রতিষ্ঠানটি। আর্সেনালে সম্ভাব্য ট্রান্সফার সংক্রান্ত খবরের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে তারা। সম্প্রতি বেশ কিছু প্রভাবশালী সংবাদমাধ্যমে দাবি করা হয়, আগামী মৌসুমে গানারদের ডেরায় পাড়ি জমাতে পারেন ২৬ বছর বয়সী এই উইঙ্গার। কিন্তু এই ধরনের সংবাদকে ‘উদ্দেশ্যপ্রণোদিত এবং ভিত্তিহীন’ বলে আখ্যা দেওয়া হয়েছে। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে নিজেদের অসন্তোষ প্রকাশ করে রক নেশন স্পোর্টস ইন্টারন্যাশনালের সভাপতি মাইকেল ইয়োরমার্ক লিখেছেন, ‘মনোযোগ আকর্ষণের উদ্দেশ্যে যখন অপেশাদার ও অপতথ্যভিত্তিক সংবাদমাধ্যম আমাদের ক্লায়েন্টদের নিয়ে ভুয়া তথ্য পরিবেশন করে, তখন আমরা হাত গুটিয়ে বসে থাকতে পারি না। কোনো তথ্যপ্রমাণ ছাড়া ব্যক্তিগতভাবে খেলোয়াড়দের টার্গেট করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।’ তিনি আরও যোগ করেন, ‘এসব সংবাদ ভ্রান্ত ধারণার সৃষ্টি করে এবং মানহানিকর। সংবাদমাধ্যম ও সাংবাদিকদের আরও বেশি দায়িত্বশীল হওয়া উচিত।’ প্রসঙ্গত, রিয়াল মাদ্রিদের সঙ্গে ভিনিসিয়ুসের বর্তমান চুক্তির মেয়াদ শেষ পর্যায়ে পৌঁছে যাওয়ায় তার ভবিষ্যৎ ঘিরে নানা আলোচনা শুরু হয়েছে। স্প্যানিশ সংবাদমাধ্যমের দাবি অনুযায়ী, চুক্তির মেয়ার বাড়ানো নিয়ে ক্লাবের সঙ্গে তার দর-কষাকষি অচলাবস্থায় পড়েছে। এমন পরিস্থিতিতে ভিনিসিয়ুসের ওপর কড়া নজর রাখছে আর্সেনাল। এমনকি এই ফুটবলারকে ভেড়াতে নিজেদের বেতন কাঠামো ও ইমেজ রাইটসের নিয়মেও ছাড় দিতে প্রস্তুত লন্ডনের দলটি। তবে এখন পর্যন্ত দুই ক্লাবের মধ্যে আনুষ্ঠানিক কোনো আলোচনা শুরু হয়নি বলে জানা গেছে। ভিনিসিয়ুসের দলবদল প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে আর্সেনাল ম্যানেজার মিকেল আর্তেতা মুচকি হেসে বলেন, ‘আমরা দলকে আরও উন্নত করতে বাজারে সক্রিয় ভূমিকা রাখছি। আগামী কয়েক সপ্তাহে দলে নতুন বেশ কিছু পরিবর্তন আসবে বলে আমরা আশা করছি।’ প্রিমিয়ার লিগে পাড়ি জমানোর গুঞ্জন তুঙ্গে থাকলেও ভিনিসিয়ুসকে নিয়েই নতুন মৌসুমের পরিকল্পনা সাজাচ্ছেন রিয়াল মাদ্রিদের নতুন কোচ হোসে মরিনহো। বিশ্বকাপ বিরতির পর ভিনিসিয়ুস, ব্রাহিম ও বার্নার্ডো দ্রুতই দলের সাথে অনুশীলনে যোগ দিচ্ছেন বলে ক্লাবটি নিশ্চিত করেছে।