দীর্ঘ ১৮ বছর পর অস্ট্রেলিয়া সফরে যাচ্ছে বাংলাদেশ। টেস্টের হিসেব করলে ২৩ বছর। সর্বশেষ যে সময়ে টেস্ট খেলতে অস্ট্রেলিয়া গিয়েছিল বাংলাদেশ, বিশ্ব ক্রিকেটে টাইগাররা তখন কেবল হামাগুড়ি দিচ্ছে। আর এখন যাচ্ছে টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে চতুর্থ স্থানে থেকে। স্বভাবতই লক্ষ্যটাও আর ২৩ বছর আগের মতো নয়। এবার ভালো পারফরম্যান্স দেখানোর আশা নিয়েই যাচ্ছে। হাবিবুল বাশার সুমন জানালেন, শুধু ‘সার্ভাইভ’ বা টিকে থাকা নয়, এবার জয়ের লক্ষ্যেই যাচ্ছে বাংলাদেশ। অস্ট্রেলিয়া রওয়ানা হওয়ার আগে বিমানবন্দরে গণমাধ্যমকে তিনি জানান, ‘চ্যালেঞ্জ ২৩ বছর আগেও ছিল, এখনও আছে। তখন লক্ষ্য একরকম ছিল, এখন ভিন্ন। তখনকার প্রেক্ষাপট একরকম ছিল, এখন অন্যরকম। তখন মূল লক্ষ্য ছিল সার্ভাইভ করা। এবার আমরা শুধু সার্ভাইভ করতে যাচ্ছি না, ভালো কিছু করতে চাই।’ ক্রিকেটাররা অস্ট্রেলিয়ার মাটিতে খেলার ব্যাপারে যেমনি রোমাঞ্চিত, তেমনি ভালো করার ব্যাপারেও আশাবাদী। প্রধান নির্বাচক বলেন, ‘যাদের সাথে যেটুকুই কথা হয়েছে, সবাই খুব এক্সাইটেড। গেলে আরও ভালো করে কথা হবে। সবাই এখানে বিশেষ কিছু করে ক্যারিয়ারের মনে রাখার মতো কিছু করতে চায়। আমরা জানি চ্যালেঞ্জ অনেক বেশি। অবশ্যই অস্ট্রেলিয়া অনেক শক্তিশালী দল। তবে সবাই এমন কিছু করতে চায় যাতে সারা জীবন মনে রাখতে পারবে, ক্যারিয়ারে হাইলাইট হতে পারবে। সবাই খুব পজিটিভ। জানি কাজটা অবশ্যই কঠিন। তবে কাজটা করতে পারলে সবারই ভালো লাগবে।’ আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম চক্রে চ্যাম্পিয়ন হয়েছিল নিউজিল্যান্ড। ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের মাউন্ট মঙ্গানুইয়ে গিয়ে হারিয়েছিল বাংলাদেশ। সেবারও সেরা দল ছিল না টাইগারদের, ছিল চোট সমস্যা। বাশার এবারের চোটজর্জর নিয়েও তাই জয়ের আশা হারাচ্ছেন না। তিনি বলেন, ‘আমরা এর আগে নিউজিল্যান্ডকে টেস্ট হারিয়েছি। সেটাও কঠিন সফর ছিল। সেখানেও সেরা একাদশ ছিল না, তখন যারা খেলতেন। অনেকে ইঞ্জুরিতে ছিলেন। কিছুই অসম্ভব না। কঠিন তবে অসম্ভব কিছু না।’