জানা নিউজ

বিশ্বকাপ কাঁপানো ভোজিনিয়ার জন্য চিলির ফুটবলে বিশেষ ছাড়

২০২৬ বিশ্বকাপের অন্যতম চমক কেপ ভার্দের তারকা গোলরক্ষক ভোজিনিয়াকে নিয়ে বড় সিদ্ধান্ত নিয়েছে চিলির পেশাদার ফুটবল অ্যাসোসিয়েশন (এএনএফপি)। চিলির প্রথমার্ধের নিয়ম কানুন ভেঙে বিখ্যাত চিলিয়ান ক্লাব ‘কোলো-কোলো’র জার্সিতে এই বর্ষীয়ান গোলরক্ষককে তার জনপ্রিয় ডাকনাম ভোজিনিয়া ব্যবহারের বিশেষ অনুমতি দিয়েছে সংস্থাটি।

 

কলম্বিয়ান পত্রিকা এল তিয়েম্পো এবং আন্তর্জাতিক বার্তা সংস্থা ইএফই-এর তথ্য অনুযায়ী, শুক্রবার (৩১ জুলাই) এএনএফপি প্রেসিডেন্টস কাউন্সিল সর্বসম্মতিক্রমে এই ব্যতিক্রমী সিদ্ধান্তের অনুমোদন দেয়। সাধারণত চিলিয়ান চ্যাম্পিয়নশিপের নিয়ম অনুযায়ী প্লেয়ারদের জার্সিতে কোনো ডাকনাম বা পরিচিতি নাম ব্যবহার নিষিদ্ধ।

এই নিয়ম ভাঙলে খেলোয়াড়কে প্রশাসনিক হলুদ কার্ড দেখানোসহ প্রতি ম্যাচের জন্য ক্লাবকে ৮৭০ মার্কিন ডলার পর্যন্ত জরিমানা গোনার বিধান রয়েছে। 

কোলো-কোলোর সভাপতি আনিবাল মোসা এবং ফুটবলারের এজেন্ট বের্নার্দো ভাসকনসেলোসের আবেদনের প্রেক্ষিতে এই জটিলতার নিরসন ঘটে।

এজেন্টের মতে, ৪০ বছর বয়সী এই গোলরক্ষক পুরো খেলোয়াড়ি জীবন এই নামেই পরিচিতি পেয়েছেন এবং ২০২৬ সালের বিশ্বকাপে অনবদ্য পারফরম্যান্সের মাধ্যমে আন্তর্জাতিকভাবে ‘ভোজিনিয়া’ নামেই খ্যাতি কুড়িয়েছেন। তাই বাণিজ্যিক ও আত্মপরিচয় উভয় দিক থেকেই নামটি জার্সিতে থাকা জরুরি ছিল।
 

উল্লেখ্য, ২০২৬ বিশ্বকাপে কেপ ভার্দের হয়ে অসাধারণ নৈপুণ্য দেখান ভোজিনিয়া। আসরের বিশ্বচ্যাম্পিয়ন স্পেনের বিরুদ্ধে ড্র করা ম্যাচে কোনো গোল না হজম করা এবং লিওনেল মেসির আর্জেন্টিনার বিরুদ্ধে একাই প্রতিরোধ গড়ে তোলা এই গোলরক্ষক বিশ্বব্যাপী প্রশংসিত হন। দর্শকদের ভোটে বিশ্বকাপের সেরা একাদশেও জায়গা করে নেন তিনি।

পর্তুগিজ ক্লাব জিডি শাভিশ এর সঙ্গে চুক্তি শেষ হওয়ার পর ফ্রি ট্রান্সফারে কোলো-কোলোতে যোগ দিয়েছেন ভোজিনিয়া। চিলিয়ান ক্লাবটির সঙ্গে তার আপাতত ছয় মাসের চুক্তি হলেও চুক্তিটি আরও এক বছর বাড়ানোর সুযোগ থাকছে।

এদিকে, ব্যক্তিগত ঝামেলার কারণে সান্তিয়াগোতে ভোজিনিয়ার পৌঁছাতে টানা দ্বিতীয় দিনের মতো বিলম্ব হচ্ছে। তবে কোলো-কোলোর কোচ ফের্নান্দো ওরতিস জানিয়েছেন, কেপ ভার্দের তারকা ফুটবলারের সঙ্গে তার কথা হয়েছে এবং তিনি চিলিয়ান লিগের শীর্ষ স্থান ধরে রাখা এই দলে যোগ দিতে রোমাঞ্চ বোধ করছেন।