নবম পে স্কেল বাস্তবায়নের আনুষ্ঠানিকতা এখন শেষ পর্যায়ে- অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী
নবম পে স্কেল বাস্তবায়নের কাজ নির্ধারিত প্রক্রিয়ায় এগিয়ে চলছে-
গত বুধবার (২৯ জুলাই) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, নবম পে স্কেল বাস্তবায়নের কাজ নির্ধারিত প্রক্রিয়ায় এগিয়ে চলছে। বিভিন্ন গণমাধ্যমে এ নিয়ে নানা ধরনের খবর প্রকাশিত হলেও সরকার নিজস্ব প্রক্রিয়া অনুসরণ করেই কাজ সম্পন্ন করছে বলে তিনি উল্লেখ করেন।
নতুন বেতন কাঠামো কার্যকর করলে আইএমএফ ঋণ কর্মসূচিতে কোনো প্রভাব পড়বে কি না—এমন প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, আইএমএফের ঋণ এবং নতুন পে স্কেল বাস্তবায়নের মধ্যে কোনো সম্পর্ক নেই।
তিনি বলেন, ‘বেতন কাঠামোর কাজ পুরোদমে চলছে। নির্ধারিত কাজ শেষ হলে প্রজ্ঞাপন জারি করতে বেশি সময় লাগবে না।’
বেতন কাঠামো নিয়ে ধারাবাহিক আলোচনা করতে অনাগ্রহ প্রকাশ করে অর্থমন্ত্রী বলেন, ‘দুই দিন পর পর বেতনকাঠামো নিয়ে কথা বলতে চাই না। বিষয়টি নিয়ে একেক গণমাধ্যম একেকভাবে সংবাদ প্রচার করছে, করুক। আমি একবারেই কথা বলব।’
২০২৩ সালের জানুয়ারি থেকে শুরু হওয়া ৫৫০ কোটি ডলারের আইএমএফ ঋণ কর্মসূচির পাঁচটি কিস্তি পাওয়ার পর পরবর্তী অর্থ ছাড় স্থগিত রয়েছে। এদিকে বর্তমানে সংস্থাটির সঙ্গে ৪০০ কোটি ডলারের বেশি নতুন ঋণ কর্মসূচি নিয়ে আলোচনা চলছে। আগামী অক্টোবরে ওয়াশিংটনে অনুষ্ঠেয় বিশ্বব্যাংক-আইএমএফের বার্ষিক সভায় এ আলোচনা আরও এগিয়ে নেওয়া হতে পারে।
যদিও সরকার এখনো নতুন পে স্কেল কার্যকরের নির্দিষ্ট তারিখ ঘোষণা করেনি। সংশ্লিষ্টদের মতে, প্রস্তাবিত সুপারিশ চূড়ান্ত করে মন্ত্রিসভার অনুমোদন এবং প্রজ্ঞাপন জারির প্রক্রিয়া শেষ হলেই নবম বেতন কাঠামো কার্যকরের আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে।