জানা নিউজ

রাজধানীতে ডিএমপির অভিযানে একদিনে গ্রেপ্তার ৫০৩

রাজধানীর বিভিন্ন এলাকায় গত একদিনে ঘণ্টায় অভিযান চালিয়ে ৫০৩ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এ সময় বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও চোরাই মালামাল উদ্ধার করা হয়েছে। গতকাল বুধবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানান। তিনি বলেন, ডিএমপির বিভিন্ন অপরাধ বিভাগ ও গোয়েন্দা বিভাগ (ডিবি) রাজধানীর বিভিন্ন এলাকায় গত মঙ্গলবার অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। এর মধ্যে সর্বোচ্চ ১২২ জনকে গ্রেপ্তার করা হয়েছে মিরপুর বিভাগে। এছাড়া মতিঝিল বিভাগে ৮২ জন, তেজগাঁও বিভাগে ৭৪ জন, উত্তরা বিভাগে ৬৯ জন, ওয়ারী বিভাগে ৪১ জন, গুলশান বিভাগে ৩৮ জন, লালবাগ বিভাগে ৩৫ জন, রমনা বিভাগে ৩৪ জন এবং ডিবি ৮ জনকে গ্রেপ্তার করেছে। অভিযানে গ্রেপ্তারদের কাছ থেকে ১০৭ কেজি গাঁজা, ২৫ পিস ইয়াবা, ৮ ভরি ১৩ আনা ৫ রতি ওজনের স্বর্ণালংকার, ৯টি মোবাইল ফোন এবং দুটি পুরোনো মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। এছাড়া অপহৃত এক ব্যক্তিকেও উদ্ধার করেছে পুলিশ।