জানা নিউজ

২০৩০ বিশ্বকাপেও মেসিকে চান ৪৩ শতাংশ আর্জেন্টাইন, স্কালোনিকে ৮৮ শতাংশ!

স্পেনের কাছে ফাইনাল হেরে বিশ্বকাপ হাতছাড়া হলেও আলবিসেলেস্তে সমর্থকদের হৃদয়ে লিওনেল মেসির আসন এতটুকু টলেনি। দল টানা দ্বিতীয় শিরোপা জিততে না পারলেও অধিনায়কের প্রতি দেশের মানুষের ভালোবাসা ও সমর্থন রয়েছে আগের মতোই অক্ষুণ্ণ।

সম্প্রতি আর্জেন্টিনায় পরিচালিত এক জরিপে উঠে এসেছে এক চমকপ্রদ তথ্য; দেশের প্রায় ৪৩.৮ শতাংশ মানুষ বিশ্বাস করেন বা স্বপ্ন দেখেন যে, আগামী ২০৩০ বিশ্বকাপেও জাতীয় দলের জার্সিতে মাঠে নামবেন লিওনেল মেসি।

আর্জেন্টিনাভিত্তিক প্রখ্যাত জরিপকারী প্রতিষ্ঠান ‘হিয়াকোব কনসালটোরস’ বিশ্বকাপ শেষ হওয়ার পাঁচ দিন পর (২০-২৪ জুলাই, ২০২৬) দেশব্যাপী ১২০০ জন নাগরিকের ওপর এই বিশেষ জরিপটি চালায়।

গবেষণায় দেখা যায়, ৩৯ ছুঁইছুঁই মেসির আন্তর্জাতিক ক্যারিয়ার আরও দীর্ঘ হোক; এমনটাই চান অধিকাংশ আর্জেন্টাইন। ৪৩.৮ শতাংশ মানুষ তাঁকে ২০৩০ বিশ্বকাপে দেখার স্বপ্ন লালন করছেন।

অন্যদিকে ৩৭ শতাংশ অনুরাগী চান মেসি অন্তত আগামী কোপা আমেরিকা পর্যন্ত জাতীয় দলের হয়ে খেলা চালিয়ে যান।

ফাইনালে স্বপ্নভঙ্গের পর অধিনায়কের উদ্দেশে আর্জেন্টাইনদের দেওয়া বার্তাগুলোতেও রাগ বা ক্ষোভের বদলে ‘ধন্যবাদ’, ‘জিনিয়াস’, ‘চ্যাম্পিয়ন’ এবং ‘আইডল’-এর মতো আবেগঘন শব্দগুলোই শীর্ষে ছিল।

শুধু মেসিই নন, মাস্টারমাইন্ড কোচ লিওনেল স্কালোনির ওপরও সমর্থকদের আস্থা তুঙ্গে। জরিপে অংশ নেওয়া দেশের ৮৮ শতাংশ মানুষই স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে, তারা স্কালোনিকেই জাতীয় দলের দায়িত্বে দেখতে চান। কোচের প্রতি তাঁদের আবেগ প্রকাশ পেয়েছে ‘নেতা’, ‘মাস্টার’ ও ‘থেকে যান’ শব্দগুলোর মাধ্যমে। ২০১৮ সালে শুরু হওয়া সফল এই প্রজেক্টের ধারাবাহিকতা বজায় রাখার পক্ষে সিংহভাগ নাগরিক।

স্পেনের কাছে বিশ্বকাপ হাতছাড়া হওয়া নিয়ে আর্জেন্টাইনদের মনস্তত্ত্বে দুটি ভিন্ন রূপ দেখা গেছে। ৪৫ শতাংশ অংশগ্রহণকারী স্বীকার করেছেন যে মাঠে স্পেনের ফুটবল নৈপুণ্যই ভালো ছিল। তবে বিপরীত চিত্রও কম নয়; দেশটির প্রায় এক-তৃতীয়াংশ (৩১.৭ শতাংশ) মানুষ হারের পেছনে মাঠের বাইরের নানা কারণ বা ‘ষড়যন্ত্র’ খুঁজে পাচ্ছেন।