জানা নিউজ

বিশ্বকাপ ফাইনাল পুনরায় আয়োজনের দাবিতে আর্জেন্টিনায় গণস্বাক্ষর!

২০২৬ বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে আর্জেন্টিনার হারের পর ম্যাচটি পুনরায় আয়োজনের (রি-ম্যাচ) দাবি তুলে একটি অনলাইন প্রচারণায় নেমেছেন আর্জেন্টাইন সমর্থকরা। ডিজিটাল প্ল্যাটফর্মে শুরু হওয়া এই পিটিশনে ইতোমধ্যেই প্রায় ৬২ হাজারেরও বেশি মানুষ স্বাক্ষর দিয়েছেন।

 

‘চেঞ্জ ডট অর্গ’ (Change.org) প্ল্যাটফর্মে গিসেলা সানচেস নামের এক সমর্থক এই আবেদনটি শুরু করেন। নিউ ইয়র্কে গত রোববারে অনুষ্ঠিত এই মেগা ফাইনালে স্লোভেনিয়ান রেফারি স্লাভকো ভিনচিচের কিছু সিদ্ধান্ত নিয়ে তিনি প্রশ্ন তোলেন এবং বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফাকে ওই সিদ্ধান্তগুলো পুনর্বিবেচনার দাবি জানান।

উদ্যোক্তার অভিযোগ, রেফারির বেশ কিছু সিদ্ধান্ত ম্যাচের ফলাফলে প্রভাব ফেলেছে এবং কিছু অনিয়ম ঘটেছে। যদিও এই দাবির সপক্ষে কোনো যাচাইকৃত প্রমাণ তিনি উপস্থাপন করতে পারেননি, তবুও ফুটবলের অভিভাবক সংস্থাকে পুরো বিষয়টি বিশ্লেষণের অনুরোধ জানিয়েছেন।

তবে সমর্থকদের এই দাবির কোনো আইনি বা প্রাতিষ্ঠানিক বৈধতা নেই এবং এটি ফিফাকে অফিশিয়াল কোনো প্রতিযোগিতার ফল পরিবর্তন করতে বাধ্য করতে পারে না। খেলাধুলার নিয়মাবলী বা সংশ্লিষ্ট বিচারক কমিটির চূড়ান্ত সিদ্ধান্ত ছাড়া ম্যাচ পুনারায় আয়োজনের কোনো সুযোগ নেই, যা অত্যন্ত বিরল ও ব্যতিক্রমী পরিস্থিতিতে প্রযোজ্য হয়।

বিশ্বকাপের ইতিহাসে এমন ডিজিটাল পিটিশনের ঘটনা এবারই প্রথম নয়। এর আগে ফ্রান্সের এক ডিজিটাল অভিযানে ৮২ হাজারের বেশি স্বাক্ষর সংগৃহীত হয়েছিল, যেখানে স্পেনের বিরুদ্ধে সেমিফাইনালে প্রথম পেনাল্টি দেওয়ার আগের এক ঘটনাকে কেন্দ্র করে ম্যাচটি পুনারায় খেলার দাবি তোলা হয়। তবে টুর্নামেন্টের ফলাফলে তার কোনো প্রভাব পড়েনি।

অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের করা একমাত্র গোলে স্পেন চ্যাম্পিয়ন হওয়ার পর এবারের বিশ্বকাপ শেষ হয়। কিন্তু দলের এমন হারেও অটল ছিল সমর্থকদের ভালোবাসা। গত রোববার ফাইনাল শেষে আর্জেন্টিনার বিভিন্ন প্রান্তের রাস্তায় নেমে আসেন হাজার হাজার মানুষ। টানা দ্বিতীয়বার শিরোপার কাছাকাছি পৌঁছানো ও ফাইনাল পর্যন্ত দুর্দান্ত যাত্রা উপহার দেওয়ায় জাতীয় দলের প্রতি নিজেদের সমর্থন ও গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন তারা।