ময়মনসিংহে ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত ইজিবাইক চাপা পড়ে দুই নারীসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় ইজিবাইকের চালকসহ আরও চারজন আহত হন। তাদের মধ্যে একজন নারী গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কের নগরীর শম্ভুগঞ্জ রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান।
নিহতরা হলেন তারাকান্দা উপজেলার দাদরা গ্রামের আব্দুল মোতালেবের মেয়ে শিলা আক্তার (২৫), ময়মনসিংহ সদর উপজেলার রঘুরামপুর এলাকার আব্দুল হামিদের স্ত্রী আবেদা আক্তার (৩৫) এবং মহানগরীর জুবলিঘাট এলাকার দিলীপ ঘোষের ছেলে দেবরাজ ঘোষ (৩৫)।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ইজিবাইকটি শম্ভুগঞ্জ থেকে যাত্রী নিয়ে কিশোরগঞ্জের দিকে যাচ্ছিল। পথে পল্লী বিদ্যুৎ কার্যালয়ের কাছে ট্রাকের ডিপো থেকে বের হওয়া একটি ট্রাক ইজিবাইকটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ইজিবাইকটি ট্রাকের নিচে চাপা পড়ে।
দুর্ঘটনায় দেবরাজ ঘোষ ঘটনাস্থলেই নিহত হন। আহত অটোরিকশাচালকসহ চারজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিলা আক্তার ও আবেদা আক্তারকে মৃত ঘোষণা করেন।
ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ নজরুল ইসলাম জানান, আহতদের মধ্যে অটোরিকশাচালক প্রাথমিক চিকিৎসা নিয়ে হাসপাতাল থেকে চলে গেছেন। গুরুতর আহত এক নারী হাসপাতালে ভর্তি রয়েছেন।
ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার পুলিশ জানায়, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনার ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।