জানা নিউজ

মেসি-এমিলিয়ানোকে নিয়ে বিশ্বকাপ জিতবে আর্জেন্টিনা, বিশ্বাস হামজা চৌধুরীর

বিশ্বকাপ ফাইনাল ঘিরে ফুটবল দুনিয়ায় যখন উত্তেজনা তুঙ্গে, তখন নিজের পছন্দের দল জানিয়ে দিলেন বাংলাদেশের জাতীয় ফুটবল দলের মিডফিল্ডার হামজা চৌধুরী। তার বিশ্বাস, ইউরো চ্যাম্পিয়ন স্পেনকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের শিরোপা জিতবে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।

‘বিকাশ প্রেজেন্টস দ্য ড্রিম কাপ উইথ হামজা’ অনুষ্ঠানে ফাইনাল নিয়ে নিজের বিশ্লেষণ তুলে ধরেন হামজা। তার মতে, আর্জেন্টিনার সবচেয়ে বড় শক্তি শুধু তারকাসমৃদ্ধ দল নয়, বরং দলের অধিনায়ক লিওনেল মেসি। বড় ম্যাচে পার্থক্য গড়ে দেওয়ার অসাধারণ ক্ষমতা এখনও মেসির রয়েছে বলেই মনে করেন তিনি।হামজা বলেন, ‘আর্জেন্টিনার দলে দারুণ মানের খেলোয়াড় রয়েছে।

বড় টুর্নামেন্ট খেলার অভিজ্ঞতা এবং জয়ের মানসিকতা তাদের আলাদা করে তোলে। তবে ম্যাচের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্তে মেসিই পার্থক্য গড়ে দিতে পারেন। আমার বিশ্বাস, আর্জেন্টিনা শিরোপা জিতলে সেই গল্পের কেন্দ্রেও থাকবেন মেসি।’ ৩৯ বছর বয়সেও মেসির প্রভাব কমেনি বলেও মন্তব্য করেন বাংলাদেশের এই মিডফিল্ডার। ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালে আর্জেন্টাইন অধিনায়কের পারফরম্যান্সের উদাহরণ টেনে তিনি বলেন, চাপের মুহূর্তে ম্যাচের গতিপথ বদলে দেওয়ার সামর্থ্য এখনও আগের মতোই রয়েছে মেসির।
মেসির ফুটবল ক্যারিয়ার নিয়েও প্রশংসা করেন হামজা। তিনি বলেন, ‘মেসি শুধু প্রতিভাবান নন, তার ফুটবল বুদ্ধিমত্তা, দূরদৃষ্টি এবং ধারাবাহিকতা তাকে ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড় বানিয়েছে। প্রায় দুই দশক বিশ্বের সর্বোচ্চ পর্যায়ে টিকে থাকা শুধুমাত্র প্রতিভা দিয়ে সম্ভব নয়।’

আর্জেন্টিনার আরেকটি বড় শক্তি হিসেবে গোলরক্ষক এমিলিয়ানো ‘দিবু’ মার্টিনেসের কথাও উল্লেখ করেন তিনি। হামজার মতে, বড় ম্যাচের চাপ সামলাতে মার্টিনেজের জুড়ি নেই। নির্ধারিত সময় হোক বা টাইব্রেকার সব পরিস্থিতিতেই তিনি আত্মবিশ্বাসী এবং দলের ভরসার প্রতীক।

নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ১টায় অনুষ্ঠিত হবে ২০২৬ বিশ্বকাপের ফাইনাল। ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বকাপের শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি হচ্ছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও ইউরো চ্যাম্পিয়ন স্পেন।