জানা নিউজ

ফাইনালে মাঠে থাকবেন না আর্জেন্টিনার প্রেসিডেন্ট

আর্জেন্টিনা যদি বিশ্বকাপ জেতে, তবে তা তিনি টেলিভিশনের সামনেই দেখতে চান। তাই স্পেনের বিপক্ষে ফিফা বিশ্বকাপ ২০২৬-এর ফাইনালে যুক্তরাষ্ট্রে উপস্থিত থাকছেন না দেশটির প্রেসিডেন্ট জাভিয়ের মাইলেই। কারণ, তার বিশ্বাস-এবারের পুরো টুর্নামেন্টজুড়ে যে ‘সৌভাগ্যের রুটিন’ অনুসরণ করে এসেছেন, সেটি ভাঙা যাবে না। রেডিও এল অবজারভাদর-কে দেওয়া এক সাক্ষাৎকারে মাইলেই বলেন, ‘কোনো অবস্থাতেই আমি আমার সৌভাগ্যের রুটিন ভাঙব না। শুরু থেকে যেভাবে ম্যাচগুলো দেখেছি, ফাইনালও সেভাবেই দেখব।’ মাইলেই জানান, আর্জেন্টিনার টুর্নামেন্টের সাতটি ম্যাচই তিনি বুয়েনস আইরেসের প্রেসিডেন্টের সরকারি বাসভবন অলিভোস থেকে দেখেছেন। শুধু তাই নয়, প্রতিটি ম্যাচে তিনি রাষ্ট্রীয় জ্বালানি প্রতিষ্ঠান ওয়াইপিএফের একই জ্যাকেটও পরেছেন। তার বিশ্বাস, এই অভ্যাসই দলের জন্য সৌভাগ্য বয়ে এনেছে। আর্জেন্টিনার ফুটবল সংস্কৃতিতে এমন কুসংস্কার বা ‘কাবালা’ বেশ পরিচিত। সমর্থক থেকে শুরু করে খেলোয়াড়-অনেকেই নির্দিষ্ট পোশাক পরা, একই জায়গায় বসে খেলা দেখা কিংবা একই রুটিন অনুসরণ করাকে সৌভাগ্যের প্রতীক মনে করেন। ১৯৮৬ সালের বিশ্বকাপজয়ী কোচ কার্লোস বিলার্দোও নানা ধরনের কুসংস্কারের জন্য বিখ্যাত ছিলেন। বর্তমান কোচ লিওনেল স্কালোনিও স্বীকার করেছেন, মাঠে নামার সময় তিনি ডান পা আগে ফেলেন এবং ক্রস চিহ্ন আঁকেন। এদিকে, বিশ্বকাপের ফাইনালে উপস্থিত থাকার কথা রয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফিফা সভাপতি জিয়ান্নি ইনফ্যান্তিনোর। তবে মাইলেই সেখান থেকে দূরে থেকেই নিজের ‘সৌভাগ্যের রীতি’ বজায় রাখতে চান।